পিকআপ ভ্যান কেড়ে নিল দুই কিশোরের প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় এসে নতুন কাজ পাওয়ার আনন্দ ভাগাভাগি করতে মার্কেটে কেনাকাটায় যাচ্ছিল দুই কিশোর। কিন্তু তাদের আর মার্কেটে যাওয়া হলো না। পথেই ঘাতক পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় তাদের। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, খোরশেদ আলম (১৭) ও তার চাচাতো ভাই শাহ আলমের (১৫) গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলার চরকাশেম গ্রামে। তারা শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র মেরামতের কাজ করত। সম্প্রতি তারা কাজের আশায় ঢাকায় আসে। গতকাল তারা খিলক্ষেত এলাকার লোটাস কামাল ভবনসংলগ্ন একটি নির্মাণাধীন বহুতল ভবনে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের কাজ পায়। আর এই আনন্দে রাত নয়টার দিকে তারা ওই ভবন থেকে বের হয়ে কেনাকাটা করতে মার্কেটে যাওয়ার জন্য ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল। এ সময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাদের চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদ আলমকে মৃত ঘোষণা করেন। অপর দিকে শাহ আলম রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সূত্র জানায়, আজ শনিবার থেকে ওই ভবনে তাদের কাজে যোগ দেওয়ার কথা ছিল।গতকাল রাত ১১টার দিকে যোগাযোগ করা হলে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সরেজমিনে পুলিশ পাঠানো হয়েছে।সূত্র জানায়, নিহত খোরশেদের বাবার নাম মিন্নত বেপারী এবং শাহ আলমের বাবার নাম জালাল উদ্দিন বলে জানা গেছে।