পিকআপ ভ্যানকে বাসের ধাক্কা, এক পুলিশ নিহত, আহত ৭

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাসের ধাক্কায় মো. রুহুল আমীন (৫৫) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সাতজন।
গতকাল সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরের ইচাইল এলাকায় একটি বাস গোড়াই হাইওয়ে থানা পুলিশের একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল রুহুল আমীনের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার শৈলমারী গ্রামে।
গোড়াই হাইওয়ে পুলিশ ও মির্জাপুর থানা সূত্রে জানা গেছে, মির্জাপুর উপজেলার কুর্নী এলাকায় একটি দুর্ঘটনার খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার ওসি যোবাইদুল আলমসহ আটজন পুলিশ কর্মকর্তা ও সদস্য ঘটনাস্থলের উদ্দেশে পিকআপ ভ্যান নিয়ে রওনা হন। বেলা পৌনে একটার দিকে ইচাইল এলাকায় একটি বাস পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা আটজনই আহত হন। পরে তাঁদের উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরই কনস্টেবল রুহুল আমীন মারা যান।
আহত ব্যক্তিরা হলেন ওসি যোবাইদুল আলম, সার্জেন্ট আবদুল কাদের, এসআই মোজাম্মেল হক, এসআই আবদুর রাজ্জাক, কনস্টেবল এমদাদুল হক, বেলায়েত হোসেন এবং পিকআপ ভ্যানের চালক কনস্টেবল গৌতম কুমার।
মোটরসাইকেল আরোহী নিহত:
আমাদের জামালপুর সংবাদদাতা জানান, জামালপুরের মেলান্দহ উপজেলায় গতকাল সড়ক দুর্ঘটনায় রুবেল (২২) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। রুবেল ওই উপজেলার মালঞ্চ গ্রামের তোতা মণ্ডলের ছেলে। তিনি ঢাকার গ্রীন ইউনিভার্সিটির বিএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রুবেল মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বেলা আড়াইটার দিকে জামালপুর-মেলান্দহ সড়কের নলের বাজার এলাকায় পৌঁছে একটি পিকআপ ভ্যানকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন রুবেল। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রুবেল মারা যান।