পিকআপ ভ্যানচাপায় নিহত ১, গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়ায় আজ সোমবার সকালে মালবাহী পিকআপ ভ্যানের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নোয়াখালী-কুমিল্লা সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি বগাদিয়া গ্রামের বাসিন্দা আবদুল গফুর (৫৫)। তিনি সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমএলএসএস হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা ওই পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকালে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে হেঁটে নোয়াখালী-কুমিল্লা মহাসড়কে আসেন আবদুল গফুর। বগাদিয়া উত্তর পোল এলাকায় পৌঁছালে চৌমুহনীগামী একটি মালবাহী পিকআপ ভ্যান তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
সোনাইমুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে একটি গতিরোধক স্থাপনের আশ্বাস পেয়ে এলাকাবাসী প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, উত্তেজিত জনতা গাড়িটিতে আগুন দিয়েছে। ঘটনার পরপর গাড়িচালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। পরিস্থিতি এখন শান্ত।