পিকআপ ভ্যানের চাপায় দুই নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় দুই নারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন এক নারী।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের থেলথেলির বাজার এলাকায় গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীরা হলেন রাজেনা বেগম (৩০) ও নাজমা বেগম (২২)। এ ঘটনায় আহত হয়েছেন রুজিনা বেগম (২৮)।
সুন্দরগঞ্জ থানার পুলিশ ও নিহত নারীদের পরিবার জানায়, আজ সকালে রাজেনা, নাজমা ও রুজিনা তাঁদের বাড়িসংলগ্ন সড়কের পাশে বসে গল্প করছিলেন। এ সময় গাইবান্ধা থেকে সুন্দরগঞ্জগামী একটি পিকআপ ভ্যানের (স্থানীয় নাম ম্যাজিক) চালক নিয়ন্ত্রণ হারান। তিনি ওই তিনজনকে চাপা দিয়ে পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলে রাজেনা ও নাজমা নিহত হন। গুরুতর আহত হন রুজিনা। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, পিকআপ ভ্যানটি আটক করা যায়নি। লাশ দুটি উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে।