পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই শিশুসন্তানকে নিয়ে আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়া হলো না শাকিলা ইসরাত ঝুমুরের (৩০)। পথে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি ও তাঁর চার বছরের ছেলে মো. হামিম। আহত হয়েছে তাঁর মেয়ে রিতু আক্তার (৯)। গতকাল শুক্রবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে এ ঘটনা ঘটে।
এ ছাড়া ডেমরায় তেলবাহী লরির ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী ফরিদা বেগম (৩৩)। এ ঘটনায় গুরুতর আহত হন তাঁর স্বামী আবুল হাশেম। মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মারা যান অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩৫)।
মাতুয়াইলে নিহত শাকিলার স্বজন গোলাম নবী জানান, সকাল সাড়ে ১০টার দিকে শাকিলা দুই শিশুসন্তানকে নিয়ে রিকশাযোগে মাতুয়াইলে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। মাতুয়াইলের মা ও শিশু হাসপাতালের সামনে রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ ভ্যান। এতে শাকিলা ও তাঁর সন্তানেরা ছিটকে রাস্তায় পড়েন। গুরুতর আহত শাকিলা ও তাঁর দুই সন্তানকে প্রথমে মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে শাকিলা ও হামিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। রিতুকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে ঢাকা মেডিকেলে ছুটে যান শাকিলার স্বামী কার্পেট ব্যবসায়ী মাইনুল হোসেন। স্ত্রী ও ছেলের লাশ দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। পরে তিনি জানান, মাতুয়াইলের মা ও শিশু হাসপাতালের পেছনে তাঁর এক ভাগনের বাসা। সেখানে যাওয়ার জন্য সকালে তিনি স্ত্রী ও দুই সন্তানকে শনির আখড়ার জাপানি বাজারের বাসার সামনে থেকে রিকশায় তুলে দেন। জুমার নামাজের পর তাঁরও ওই বাসায় যাওয়ার কথা ছিল।
যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকর কর বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই তিনজন সড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই পিকআপ ভ্যানসহ চালক ইমরান হোসেনকে (২০) আটক করেছে পুলিশ। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এদিকে সকাল নয়টার দিকে ডেমরার আমুলিয়া পেট্রলপাম্পের সামনে তেলবাহী লরির ধাক্কায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী ফরিদা বেগম ও তাঁর স্বামী আবুল হাশেম। তাঁদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফরিদাকে মৃত ঘোষণা করেন। আবুল হাশেম প্রাথমিক চিকিৎসা নেন।
ফরিদার ভাই মো. শরীফ প্রথম আলোকে জানান, স্বামী, দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে সবুজবাগের দক্ষিণগাঁওয়ে থাকতেন ফরিদা। সকাল সাতটার দিকে তিনি ও তাঁর স্বামী মোটরসাইকেলযোগে ডেমরার কোনাপাড়ায় আত্মীয়ের বাসায় জমিসংক্রান্ত আলোচনা করতে যান। তিনি জানান, তাঁর ভগ্নিপতি মতিঝিলের ‘ভূঁইয়া ওয়ার্ল্ড এক্সপ্রেস’ নামের কুরিয়ার সার্ভিসের মালিক। ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে ফরিদার লাশ কুমিল্লার চৌদ্দগ্রামে দাফন হবে।
ডেমরা থানার কর্তব্যরত কর্মকর্তা পিএসআই শফিকুল ইসলাম বলেন, ওই তেলবাহী লরিটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই হৃদয় কুমার পোদ্দার জানান, সকাল ছয়টার দিকে মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি মারা যান।