পিকআপ ভ্যানের ধাক্কায় ডিবি পুলিশ নিহত
নেত্রকোনায় পিকআপ ভ্যানের ধাক্কায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক সদস্য। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে নেত্রকোনা-মদন সড়কের আটপাড়া উপজেলার অভয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ওই পুলিশ সদস্যের নাম মাহবুব আলম (৪৮)। তাঁর বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে করে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার চার পুলিশ সদস্য মাদকবিরোধী অভিযানে মদন উপজেলায় যাচ্ছিলেন। দলের নেতৃত্বে ছিলেন উপপরিদর্শক মো. মকবুল হোসেন। নেত্রকোনা-মদন সড়কের অভয়পাশা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ভ্যান মাহবুব আলমের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তাঁরা দুজন পড়ে যান। স্থানীয় লোকজন ও অপর দুই পুলিশ তাঁদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহবুব আলমকে মৃত ঘোষণা করেন। আহত খোরশেদ আলমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খোরশেদ আলমের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়।
নেত্রকোনা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউসার বলেন, পিকআপ ভ্যানটিকে জব্দ করা হয়েছে। চালককে আটক করার অভিযান চলছে।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি।
অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক প্রথম আলোকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে।