পিকআপ ভ্যানের ধাক্কায় নারী নিহত
গাজীপুরের বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল বৃহস্পতিবার পিকআপ ভ্যানের ধাক্কায় এক নারী শ্রমিক নিহত ও দুজন আহত হন। এতে উত্তেজিত শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে পিকআপ ভ্যানটিতে অগ্নিসংযোগ করেন।
নিহত নারী হলেন স্থানীয় ডডি নামের একটি পোশাক কারখানার শ্রমিক মোমেনা বেগম (৩৮)। আহত দুজন হলেন একই কারখানার শ্রমিক সাজেদা বেগম (৪০) ও সুরাইয়া আক্তার (৩৫)। তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
মহাসড়ক পুলিশ সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহাসড়ক পারাপারের সময় বড়বাড়ি এলাকায় ঢাকাগামী একটি পিকআপ ভ্যান ওই তিন নারীকে ধাক্কা দেয়। এতে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মোমেনা বেগমকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই তিনজনের হতাহতের ঘটনার খবর পেয়ে পোশাক কারখানার শ্রমিক ও স্থানীয় ব্যক্তিরা মহাসড়কের ঢাকাগামী লেন অবরোধ করেন। একপর্যায়ে তাঁরা পিকআপটিতে আগুন ধরিয়ে দেন। এতে ওই লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।
গাজীপুর নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মী, গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ ও নাওজোর মহাসড়ক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটির আগুন নেভায়। রাত নয়টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।