পিকআপ ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মালবাহী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ওই সাইকেল আরোহীর নাম মো. জসিম উদ্দিন (৪০)। উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বরুমছড়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে জসিম। তিনি নাপিতেরচর এলাকায় বসবাস করে কেরানীহাটে একটি চায়ের দোকান চালাতেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আবদুল মন্নান জানান, আজ সকাল ছয়টার দিকে জসিম উদ্দিন নাপিতেরচর এলাকার বাড়ি থেকে সাইকেলে করে কেরানীহাটের নিজের চায়ের দোকানে যাচ্ছিলেন। সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে কেরানীহাটের একটি বেসরকারি ক্লিনিকে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাত প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি শুনেছি। কিন্তু পিকআপ ভ্যান ও চালককে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার পরপর চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছেন।’