পিকআপ ভ্যানের সঙ্গে গাছের ধাক্কায় পুলিশসহ আহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর উপজেলার কাফাটিয়া এলাকায় গতকাল শনিবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপ ভ্যান গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ভ্যানে থাকা তিন পুলিশসহ চারজন আহত হন। তিন পুলিশকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম (৪৫), কনস্টেবল শফিকুল ইসলাম (৪০) ও আবদুস সালাম (৩৫) এবং পিক আপ ভ্যান চালক শাহীনুর। তাঁদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার পুলিশ জানায়, মানিকগঞ্জ-বালিরটেক সড়কে পিকআপ ভ্যানে পুলিশ টহল দিচ্ছিল। রাত তিনটার দিকে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ওই চারজন আহত হন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান দুর্ঘটনা ও চারজনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।