পিকআপভ্যান চাপায় স্কুলছাত্রী, ট্রাকে ট্রাকে টক্করে এক চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী ও ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল আটটায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে পিকআপ ভ্যানের চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়। ভোর পাঁচটার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হন।

নিহত দুজন নুসরাত জাহান ওরফে সিনথিয়া (১৩) ও রাশেদ (৩০)। নিহত সিনথিয়া কোম্পানীগঞ্জ উপজেলার মাকসুদাহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। তার বাবা জাকির হোসেন একটি পরিবহন কোম্পানির সুপারভাইজার। নিহত রাশেদের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামে।

আজ সকাল আটটার দিকে বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয় সিনথিয়া। স্কুলে কোচিং করে সে। নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট-দাগনভূঞা সড়কের বুড়ির মসজিদের কাছে পৌঁছালে মুরগির বাচ্চা বহনকারী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুই ভাই ও এক বোনের মধ্যে সিনথিয়া বড়।

জানতে চাইলে পিকআপভ্যানের চাপায় স্কুলছাত্রী নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান। প্রথম আলোকে তিনি বলেন, পরিবারটি মামলা করতে আগ্রহী হয়নি। তাঁদের আবেদনের ভিত্তিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করার অনুমতি দেওয়া হয়েছে। ঘাতক পিকআপভ্যানটিকেও আটক করা যায়নি।

অপর দিকে ভালুকা উপজেলায় মেড়াবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পাথরভর্তি একটি ট্রাককে পেছন থেকে বালুভর্তি আরেকটি ট্রাক ধাক্কা দিলে রাশেদ নামের এক ব্যক্তি নিহত হন। রাশেদ বালুভর্তি ট্রাকের চালক।

ভালুকা ফায়ার স্টেশন পরিদর্শক রাকিবুল হাসান জানান, দুটি ট্রাকই ময়মনসিংহগামী ছিল। ভোরে মেড়াবাড়ী এলাকায় পৌঁছালে পাথরভর্তি ট্রাকটিকে বালুভর্তি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে বালুভর্তি ট্রাকের চালক ও সঙ্গে থাকা সহকারী গুরতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাশেদকে মৃত ঘোষণা করেন। রাকিবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আবদুস সালাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে দুমড়েমুচড়ে যাওয়া একটি ট্রাক জব্দ করে নিয়ে আসা হয়েছে।