পিকআপে গ্যাসের ঝুঁকিপূর্ণ ব্যবসা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের একাধিক স্থানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলছে সিএনজি গ্যাস রি-ফুয়েলিংয়ের (পুনঃ গ্যাস ভরাট) ভ্রাম্যমাণ ব্যবসা। নিষিদ্ধ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও উজ্জ্বল হোসেন এবং রাজু মেম্বার নামের দুই ব্যবসায়ী পিকআপ ভ্যানে গ্যাস সিলিন্ডার রেখে সেখান থেকে পাইপের মাধ্যমে যানবাহনে গ্যাস লেনদেনের ব্যবসা চালাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সান্তাহার শহরের আমবাগান এলাকার উজ্জ্বল হোসেন এবং নওগাঁ সদরের বোয়ালিয়া এলাকার রাজু মেম্বার নামের দুই ব্যক্তি মূলত এভাবে সিএনজি গ্যাস রি-ফুয়েলিংয়ের ভ্রাম্যমাণ ব্যবসা করছেন। তাঁরা বগুড়ার বিভিন্ন সিএনজি স্টেশন থেকে গ্যাসভর্তি সিলিন্ডার পিকআপ ভ্যানের পেছনে বসিয়ে নিয়ে আসেন। পরে সান্তাহার শহরসহ বিভিন্ন জায়গায় ওই পিকআপ নিয়ে গিয়ে সুবিধামতো সময়ে যানবাহনে গ্যাস বিক্রি করেন। ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও খোলা স্থানে রাখা এসব ভ্রাম্যমাণ গ্যাস সরবরাহ পিকআপ থেকে শত শত সিএনজিচালিত অটোরিকশা গ্যাস সংগ্রহ করছে। দুপক্ষের জন্যই আপাত লাভজনক হওয়ায় দিন দিন রমরমা হয়ে উঠছে এ ব্যবসা।
গ্যাসবিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ব্যবসাটি অবৈধ হলেও দুপক্ষই এতে বেশ লাভবান হচ্ছে। স্থানীয়ভাবে গ্যাস পাওয়ায় সিএনজিচালিত অটোরিকশাচালকেরা বগুড়ার মোটর পরিবহন শ্রমিক সংগঠনের নির্যাতন ও জোরপূর্বক চাঁদা আদায়ের হাত থেকে রক্ষা পাচ্ছেন। পাশাপাশি গ্যাস নিতে ৪০-৪৫ কিলোমিটার দূরে বগুড়ার সিএনজি স্টেশন যাওয়া-আসা করতে হচ্ছে না। এই যাওয়া-আসা বাবদ দু শ টাকার গ্যাস খরচা থেকেও তাঁরা বেঁচে যাচ্ছেন।
সান্তাহার সরকারি কলেজ মোড়ে গত বৃহস্পতিবার কথা হয় ভ্রাম্যমাণ সিএনজি গ্যাস ব্যবসায়ী রাজু মেম্বারের কর্মচারী রানা এবং গ্যাস নিতে আসা সিএনজিচালক মামুন ও এরশাদের সঙ্গে। ব্যবসাটি অবৈধ এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে অকপটে স্বীকার করে গ্যাসবিক্রেতা রানা বলেন, ‘আমরা নিজেরা লাভবান হওয়ার পাশাপাশি সান্তাহার-নওগাঁ অঞ্চলের গ্যাসচালিত যানবাহন মালিকদেরও উপকার করছি।’ এ কাজ করে তিনি প্রতিদিন চার শ টাকা মজুরি পান বলে জানান রানা। তবে তাঁর কাছে ব্যবসার মূল হোতা রাজু মেম্বারের মুঠোফোন নম্বর চাইলে তা দিতে অস্বীকৃতি জানান।
সিএনজি অটোরিকশাচালক মামুন বলেন, ‘আমরা দুপচাঁচিয়া, কাহালু এবং বগুড়ার বাস মালিক ও শ্রমিক সংগঠনের যন্ত্রণা আর চাঁদা দেওয়ার হাত থেকে রক্ষা পেয়েছি।’ তা ছাড়া এভাবে গ্যাস নিলে পুলিশকে মোটা অঙ্কের টাকাও দিতে হয় না বলে জানান মামুন। তিনি আরও বলেন, শুধু রাতের বেলা হাইওয়ে ডিউটিতে থাকা পুলিশ গাড়ি আটকালে নাশতা বাবদ তাদের হাতে ৫০-১০০ টাকা দিলেই ছেড়ে দেয়।
সান্তাহার শহরের আমবাগান এলাকার উজ্জ্বল হোসেনের বাড়িতে গত বৃহস্পতিবার গেলেও তাঁকে পাওয়া যায়নি। বাড়িতে থাকা তাঁর স্বজনেরা এ ধরনের ব্যবসা সম্পর্কে কিছু জানেন না জানান।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জার্জিস আলম বলেন, বেশ কিছুদিন ধরে শহরের বাইপাস সড়কগুলোর আশপাশে প্রকাশ্যে পিকআপ ভ্যান থেকে সিএনজি অটোরিকশায় গ্যাস সরবরাহ করতে দেখেছেন তিনি। এভাবে গ্যাস সরবরাহ যতই লাভজনক হোক তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিষয়টা পুলিশের দেখা উচিত বলেও তিনি মত প্রকাশ করেন।
এ বিষয়ে সান্তাহার শহর পুলিশের উপপরিদর্শক (টিএসআই) সিদ্ধার্থ সাহা বলেন, এভাবে গ্যাস সরবরাহ একেবারেই অবৈধ। তদন্ত করে এ ধরনের ব্যবসা বন্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।