পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ইটবোঝাই পিকআপের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হন অপর আরোহী। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। পরে জনতার সহায়তায় পুলিশ পিকআপটি জব্দ করেছে।
নিহত মোটরসাইকেল আরোহী হলেন মো. সোহেল (২৫)। তিনি কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আরব সিকদার পাড়ার বশির আহমদের ছেলে। আহত মো. সাইফুজ্জামান (২৭) একই এলাকার শামশুল আলমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার সকালে মোটরসাইকেল করে দুই বন্ধু চিরিংগা-বদরখালী-মহেশখালী সড়ক হয়ে চকরিয়া পৌর শহরে যাচ্ছিলেন। তাঁরা রামপুর এলাকায় পৌঁছালে বদরখালীগামী ইটবোঝাই একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর পড়ে যান মোটরসাইকেল আরোহীরা। পরে পিকআপটি পিছিয়ে গিয়ে সড়কে পড়ে থাকা দুজনকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন পিকআপটি চোয়ারফাঁড়ি স্টেশন থেকে আটক করলেও চালক পালিয়ে যান। মোটরসাইকেল আরোহী মো. সোহেল ঘটনাস্থলে নিহত হন। অপর আরোহী সাইফুজ্জামানকে স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, নিহত সোহেলের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীর দেওয়া তথ্য জানিয়ে ওসি বলেন, পিকআপের চালক ইচ্ছাকৃতভাবেই দ্বিতীয় দফায় চাপা দিয়েছেন। এতে সোহেলের মৃত্যু নিশ্চিত হয়। পিকআপটি জব্দ ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। চালককে ধরার চেষ্টা করা হচ্ছে।