জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন৷ এ সময় আরও দুই পথচারী আহত হন৷ গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে৷
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমা খাতুন বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বিপরীত পাশে ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকাগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন৷ সেখানে রেহেনা আক্তার ও নুরুল ইসলাম নামের আরও দুই ব্যক্তি বাসের জন্য অপেক্ষা করছিলেন৷ এ সময় নবীনগর থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় তিনজনই আহত হন৷ মহাসড়কের পাশের এক দোকানদার দুই পথচারীকে হাসপাতালে ভর্তি করার জন্য সিএনজিচালিত একটি অটোরিকশায় তুলে দেন৷ ফাতেমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই দোকানদার তাঁকে সাভারের সুপার হাসপাতালে নিয়ে যান৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন৷ আহত অন্য দুজনের মধ্যে নুরুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়৷ রেহেনা আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷
এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, প্রক্টর ও অন্য শিক্ষকেরা সুপার হাসপাতালে যান৷ প্রশাসন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিহত ছাত্রীর মৃতদেহ ক্যাম্পাসে এনে তাঁর নিজ হল প্রীতিলতার সামনে রাখে৷ রাত আটটার দিকে নিহত শিক্ষর্থীর পরিবারের লোকজন মৃতদেহ নিয়ে গ্রামের বাড়ি পাবনা জেলার সাঁথিয়ায় ষোলবাড়িয়া গ্রামের উদ্দেশে রওনা দেন৷
এদিকে ফাতেমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত শিক্ষার্থীরা সন্ধ্যা ছয়টা থেকে মহাসড়ক অবরোধ করে তিনটি বাস ও একটি পিকআপ ভ্যানে আগুন দেন৷ রাত নয়টার দিকে প্রক্টরিয়াল বডির সদস্যরা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উত্তেজিত শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দেন৷
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, পিকআপ ভ্যানের চালককে পাওয়া যায়নি৷ তবে পিকআপটি জব্দ করে সাভার হাইওয়ে থানায় রাখা হয়েছে৷
এ ঘটনায় মামলা করা হবে জানিয়ে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে৷ এ ছাড়া শিক্ষার্থীদের সব দাবিও মেনে নেওয়া হবে৷