পিকআপের ধাক্কায় জাহাঙ্গীরনগরের ছাত্রী নিহত
ঢাকার অদূরে সাভারে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় এক ছাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও দুই পথচারী আহত হন।
নিহত শিক্ষার্থীর নাম ফাতেমা খাতুন। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের (৪১তম ব্যাচ) ছাত্রী। আহত পথচারীদের পরিচয় জানা যায়নি।
আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে সন্ধ্যা ছয়টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের (ডেইরি গেট) সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফাতেমা খাতুন। এ সময় নবীনগর থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সাভারের সুপার মেডিকেলে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা ছয়টার দিকে রাস্তায় নেমে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন।
এদিকে, পিকআপ ভ্যানটি উদ্ধার করে সাভার হাইওয়ে থানায় নিয়ে গেছে পুলিশ। তবে চালকের হদিস মেলেনি।