পিকআপের ধাক্কায় আশুলিয়ায় ট্রাফিক কনস্টেবল নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়া বাজারের কাছে পিকআপ ভ্যানের ধাক্কায় নিটুল ফকির (৩৯) নামের এক ট্রাফিক কনস্টেবল নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে আশুলিয়া ট্রাফিক বক্সের সামনে এ ঘটনা ঘটে।

নিটুল ফকির ফরিদপুরের নগরকান্দা থানার চৌষাড়া গ্রামের শফিউদ্দিনের ছেলে। তিনি সাভার ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

সাভার ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, আশুলিয়া বাজারের কাছে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে দায়িত্ব পালনের জন্য গতকাল সকালে নিটুল সাভার থেকে আশুলিয়া যান। সকাল সাতটার দিকে বাস থেকে নেমে রাস্তা পার হয়ে সড়কসংলগ্ন ট্রাফিক বক্সে ঢোকার সময় ঢাকা থেকে বাইপাইলগামী একটি পিকআপ তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে নিটুল সড়কে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন। স্থানীয় ব্যক্তিদের সহায়তায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে তাঁর লাশ সাভার থানায় নেওয়া হয়। সেখানে জানাজা শেষে ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে সাভার ট্রাফিকের পরিদর্শক ফরহাদ হায়দার গতকাল সকাল ১০টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঘটনার পর পিকআপটি দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।