পিকআপের ধাক্কায় ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালী উড়ালসড়কে গত মঙ্গলবার রাতে পিকআপ ভ্যানের ধাক্কায় মাহফুজুর রহমান খান (২৪) নামের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মারা গেছেন। তিনি উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
বনানী থানার পুলিশ জানায়, রাত দেড়টার দিকে উড়ালসড়ক পারাপারের সময় পিকআপের ধাক্কায় গুরুতর আহত হন মাহফুজুর। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ পিকআপ ভ্যানসহ চালক আনোয়ার হোসেনকে আটক করে।
নিহতের গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়ায়। বাবা শাহজালাল খান। কল্যাণপুরে ১১ নম্বর সড়কে এক বাসায় থাকতেন তিনি। চার ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট।
নিহতের মামাতো ভাই মাখদুম রায়হান বলেন, মঙ্গলবার রাত আটটার দিকে ফোনে মাহফুজুরের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। ওই সময় মাহফুজুর এক বন্ধুর বাসায় রাতে থাকার কথা বলেছিলেন। ঘটনার সময় তাঁর সঙ্গে কেউ ছিল না। মহাখালী ফ্লাইওভারে যাওয়ার কারণ সম্পর্কে তাঁরা কোনো কিছু জানতে পারেননি। বনানী থানার এসআই আশরাফুল ইসলাম বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা হয়েছে। চালককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঝুলন্ত লাশ উদ্ধার: রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে গতকাল বুধবার ভোরে পারভীন বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বাড্ডা থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, পারভীন স্বামী জিয়াউর রহমানের সঙ্গে মধ্য বাড্ডার বাজার গলির এক বাসায় থাকতেন। গতকাল ভোর সাড়ে চারটার দিকে ওই বাসার একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
এসআই বলেন, পারভীনের স্বামীর এক বন্ধু বাসায় আসা-যাওয়া করতেন। বিষয়টি পারভীন পছন্দ করতেন না। এ নিয়ে স্বামীর সঙ্গে তাঁর ঝগড়া-বিবাদও হয়েছে। গত মঙ্গলবার রাতে বাসায় তাঁর স্বামীর কাছে ওই বন্ধু আবারও যান। এতে ক্ষিপ্ত হয়ে পারভীন আত্মহত্যা করেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। তদন্তে আত্মহত্যার প্ররোচনার প্রমাণ পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নিহত পারভীনের গ্রামের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দিতে।