পিকআপের ধাক্কায় রেল কর্মকর্তার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পিকআপ ভ্যানের ধাক্কায় আ ন ম এনামুল হক (৫৭) নামে রেলপথ বিভাগের এক কর্মকর্তা মারা গেছেন।
বংশাল থানার পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় নাজিমউদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে একটি পিকআপ ভ্যান একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই রিকশার আরোহী রাজশাহী রেলওয়ে বিভাগের কর্মকর্তা এনামুল হক ছিটকে পড়ে যান। রক্তাক্ত অবস্থায় তাঁকে সন্ধ্যা ছয়টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক এনামুলকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে আসা এনামুল হকের বোন দিলারা খানম বিলাপ করে বলেন, তাঁর ভাই রাজশাহী রেল বিভাগের কর্মচারীদের জন্য পোশাকের কাপড় কিনতে পুরান ঢাকার ইসলামপুরে আসেন। সেখান থেকে পোশাকের কাপড় কিনে তিনি তাঁর ঢাকেশ্বরী রোডের বাসায় ফেরার পথে পিকআপের চাপায় মারা যান। রাজশাহী রেলওয়ের হিসাব বিভাগে ট্রাভেলিং হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন তিনি।