পিকআপের ধাক্কায় রেলপথ বিভাগের কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় আ ন ম এনামুল হক (৫৭) নামে রেলপথ বিভাগের এক কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁর গ্রামের বাড়ি নড়াইলের সদর উপজেলায়। থাকতেন রাজশাহীর রেলপথ বিভাগের কোয়ার্টারে।

বংশাল থানা-পুলিশ জানায়, সন্ধ্যার দিকে রিকশায় করে যাচ্ছিলেন এনামুল হক। নাজিমউদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে একটি পিকআপ ভ্যান পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে এনামুল গুরুতর আহত হন। পৌনে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসা এনামুলের বোন দিলারা খানম বলেন, তাঁর ভাই রাজশাহী রেলওয়ের হিসাব বিভাগে ট্র্যাভেলিং হিসাব রক্ষণ কর্মকর্তা ছিলেন। রাজশাহীর রেল বিভাগের কর্মচারীদের পোশাকের কাপড় কিনতে তিনি পুরান ঢাকার ইসলামপুরে যান। কাপড় কিনে সেখান থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম প্রথম আলোকে বলেন, পিকআপ ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।