পিকনিক বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহ আলী থানা এলাকায় গতকাল শুক্রবার বিকেলে একটি পিকনিক বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন দুজন। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, নিহত ও আহত ব্যক্তিরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী। নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন খোকন (২০) ও সাহাজ উদ্দিন (৪৫)। নিহত অজ্ঞাতনামা আরেকজনের বয়স ৪০ হতে পারে। আহত ব্যক্তিরা হলেন আল আমিন ও জহিরুল ইসলাম। আল আমিনকে পঙ্গু হাসপাতালে ও জহিরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে শাহ আলী থানার বেড়িবাঁধের নবাবের বাগ এলাকায় দ্রুতগামী একটি বাসের সঙ্গে দ্রুতগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেলে ভেতরেই আটকে পড়েন চালকসহ পাঁচজন। পুলিশ ও স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে তাঁদের ভ্যানের ভেতর থেকে উদ্ধার করেন। পরে চারজনকে পঙ্গু হাসপাতালে ও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পঙ্গু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, টঙ্গীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ওই বাসযোগে মধুমতী মডেল টাউন এলাকায় পিকনিকে গিয়েছিলেন। বিকেলে পিকনিক সেরে তাঁরা একই বাসে টঙ্গী ফিরছিলেন। অপর দিকে পিকআপ ভ্যানটি আশুলিয়ার দিকে যাচ্ছিল। খালি থাকায় ভ্যানে যাত্রী তোলা হয়েছিল। ঘটনায় বাসের কোনো যাত্রীর ক্ষতি হয়নি।শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত আল আমিন ওই ভ্যানের চালক। নিহত সাহাজ উদ্দিন তাঁর বাবা বলে জানা গেছে। বাস ও ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তিনটি লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।