পিকনিকের কথা বলে ছাত্রলীগের চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখদুম হলে বৈশাখী পিকনিকের আয়োজনের কথা বলে হলের আবাসিক শিক্ষার্থীদের কাছ থেকে ছাত্রলীগের কর্মীরা চাঁদা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, হল শাখা ছাত্রলীগের কর্মী রিনেটের নেতৃত্বে সংগঠনের আরও কয়েকজন কর্মী শনিবার রাতে শিক্ষার্থীদের কক্ষে গিয়ে বৈশাখী পিকনিকের জন্য ১০০ টাকা করে দিতে বলেন। গতকাল দুপুরেও তাঁরা একই হারে চাঁদা আদায় করেন। শিক্ষার্থীদের কেউ কেউ পিকনিকে অংশ নিতে অনিচ্ছা প্রকাশ করেন। কিন্তু তাঁদেরও চাঁদা দিতে বাধ্য করা হয়।
রিনেট বলেন, কারও কাছ থেকে জোর করে টাকা আদায় করা হয়নি। তবে সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় তিনি কয়েকজনের টাকা ফেরত দিয়েছেন বলে নাম প্রকাশ না করার শর্তে তাঁরা জানান।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, এ রকম কিছু হয়ে থাকলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, কোনো রাজনৈতিক পরিচয়ে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে দেওয়া হবে না।