পিকনিকের গাড়ি উল্টে শিশুশিক্ষার্থীসহ আহত ৪১
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নে চালক নিয়ন্ত্রণ হারালে পিকনিকের একটি বাস উল্টে শিশু শিক্ষার্থী ও অভিভাবকসহ কমপক্ষে ৪১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইউনিয়নে মাদামবিবিরহাটের চেয়ারম্যানঘাট এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের মধ্যে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন, ভাটিয়ারির বিএসবিএ হাসপাতালে ২৫ জন, চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ছয়জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একজনকে ভর্তি করা হয়েছে।
বার আউলিয়া হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনীর জেলার সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আল হেরা একাডেমির (প্রাথমিক বিদ্যালয়) শিক্ষার্থী ও অভিভাবকেরা শিক্ষাসফরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকিচর পিকনিক স্পটে যান। ফেরার পথে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাদামবিবিরহাট চেয়ারম্যানঘাট এলাকায় বাসের চালক নিয়ন্ত্রণ হারালে শিক্ষার্থী ও অভিভাবকবাহী বাসটি সড়ক বিভাজকে ধাক্কা খায়। এ সময় অন্তত ৮৭ জন যাত্রী নিয়ে বাসটি উল্টে যায়। পরে স্থানীয় ব্যক্তি ও কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান বলেন, বাসের চালকের সহকারী আমির উল্লাহর (৪০) ডান পা কেটে ফেলা হয়েছে।
বিএসবিএ হাসপাতালের অনুসন্ধান কেন্দ্র থেকে সুমন নামের একজন কর্মকর্তা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই হাসপাতালে শিক্ষার্থী-অভিভাবকসহ ২৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন প্রথম আলোকে বলেন, আহতদের মধ্যে অন্তত সাতজন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। সড়ক থেকে বাসটি সরিয়ে ফেলা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।