পিকনিকের বাস ও নছিমনের সংঘর্ষে নিহত ৪
মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগর গ্রামের পিকনিকের বাসের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত নছিমনের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও আটজন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাতটার দিকে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের নতুনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সবাই নছিমনের যাত্রী ছিলেন।
নিহত ব্যক্তিরা হলেন মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের আনিছুর রহমান (৪০), নাজমুল হোসেন (৩৫), টুকু মিয়া (২৮) ও তুফান হোসেন (৩৫)। তাঁরা মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের যুবলীগ কর্মী বলে নিশ্চিত করেছেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম।
কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন গ্রাম থেকে গতকাল বিকেলে জেলা শহরের বাগোয়ান গ্রামের বাসিন্দারা শহরে আসেন। অনুষ্ঠান শেষে তাঁরা বাড়ি ফিরছিলেন। পথে মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগর গ্রামের নতুনপাড়া এলাকায় পৌঁছালে মুজিবনগর থেকে ফেরা একটি পিকনিকের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পিকনিকের বাসটি পাবনা যাচ্ছিল। ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে ১১ জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেন। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই জনতা সড়ক অবরোধ করে বাসটিতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। তবে পালিয়ে রক্ষা পান বাসের যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভান।