পিকনিকের বাস খাদে, একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী মাদ্রাসা গেট এলাকায় আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে পিকনিকের একটি বাস খাদে পড়ে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিহত ব্যক্তি হলেন চালকের সহকারী তপন চন্দ্র সরকার। তিনি বগুড়া সদর উপজেলার জয়পুরা এলাকার কালীপদ চন্দ্র সরকারের ছেলে।

বগুড়া জেলার কাহালু উপজেলার বাসিন্দা মতিউর রহমান (৪০) বলেন, ‘আমরা কাহালু উপজেলার অগোর মালঞ্চা ইউনিয়নের ৫৩ জন নারী-পুরুষ একটি বাস ভাড়া করে ৬ অক্টোবর কক্সবাজার বেড়াতে যাই। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে বগুড়া ফিরে যাচ্ছিলাম। চকরিয়া উপজেলার বরইতলী দাখিল মাদ্রাসা গেট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।’

আহত আতাউর রহমান বলেন, ‘চালকের সহকারী তপন চন্দ্র সরকার বাস থেকে লাফ দেওয়ায় গাড়ির নিচে চাপা পড়েন। এ সময় তিনি মারা যান।’

ঘটনাস্থল থেকে দমকল বাহিনী, পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের  উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে আহত ফিরোজ আহমদ (৫৫), নাসির মোল্লা (৫০), মো. খোকন (১৯), মো. আইয়ুব (৩৫), আবদুল কাদের (৩০), রমজান মোল্লা (৫০), নাজেম উদ্দিন (৫০), মো. সৈয়দনুর (৪৫), শ্যামলী মুক্তি (৩৫) ও নাছির উদ্দিনকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহত শহিদুল ইসলাম (৪০), নজরুল ইসলাম (৪৬), আতাউর রহমান (৪৫), সাঈদি (৪০), হাবিবুর রহমান (২০), আবদুল করিম (৩৫), সম্রাট (২৩), বৃষ্টি (২০), সানজিদা (৮), তানসিম (২৪), আরিফ (২৫), আবুল কালাম (৫২), মো. আলম (৩০), আশরাফুল হক (৩২), মো. ফারুক (২২) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মো. ফয়েজুর রহমান প্রথম আলোকে বলেন, গাড়িটি উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। চালক পালিয়ে গেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।