পিকনিকের বাস-ট্রাক সংঘর্ষ, আহত ২০
ঢাকার আশুলিয়ার নয়ারহাট এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে আজ শুক্রবার সকালে একটি পিকনিকের বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই ঢাকা ও রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরা সবাই ত্রিপুরা সম্প্রদায়ের।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লালন ত্রিপুরা ও ধ্রুব লাল ত্রিপুরাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেমস ত্রিপুরা ও ত্রিমুখী ত্রিপুরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।
আশুলিয়া থানা পুলিশ ও আহত লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙামাটি জেলার ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন সকালে একটি দোতলা ও অপর আরেকটি বাসে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নাহার গার্ডেনে পিকনিকে যাচ্ছিলেন। তাঁরা প্রায় সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরা ‘ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম’ ও ‘ত্রিপুরা কল্যাণ সংসদের’ সদস্য। বাস দুটি বেলা ১১টার দিকে নয়ারহাটের বেলতলা এলাকায় পৌঁছালে দোতলা বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস থেকে নিচে পড়ে গিয়ে এবং ভাঙা কাচের আঘাতে শিক্ষার্থীসহ ২০ জন আহত হন।
পিকনিকের পেছনের বাসে থাকা ঘটনার প্রত্যক্ষদর্শী গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং স্টুডেন্ট ফোরামের যুগ্ম সম্পাদক তপন কুমার ত্রিপুরা বলেন, সাভারের গণস্বাস্থ্য হাসপাতাল এলাকা (বেলতলার কাছে) পার হওয়ার পরপরই এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসের দোতলায় থাকা হ্যাপী ত্রিপুরা জানালা দিয়ে ছিটকে নিচে পড়েন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। বাকিরা বাসের ভেতরে পড়ে গিয়ে এবং ভাঙা কাচের আঘাতে আহত হন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেছেন, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি আটক করা হয়েছে। তবে ঘটনার পরপরই চালকেরা পালিয়ে গেছেন।