পিকনিকের বাস-ট্রাক সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার নয়ারহাট এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে গতকাল শুক্রবার পিকনিকের বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ২০ জন আহত হয়েছেন। তাঁরা সবাই ত্রিপুরা সম্প্রদায়ের।
আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লালন ত্রিপুরা ও ধ্রুব লাল ত্রিপুরাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে এবং জেমস ত্রিপুরা ও ত্রিমুখী ত্রিপুরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনার পরপরই মানিকগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি গণস্বাস্থ্য হাসপাতালে খোঁজখবর নিয়ে গুরুতর আহত
ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন।
আশুলিয়া থানার পুলিশ ও আহত ব্যক্তিরা জানান, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলার ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন গতকাল সকালে একটি দ্বিতল ও একটি সাধারণ বাসে করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নাহার গার্ডেনে পিকনিকে যাচ্ছিলেন। তাঁদের ৯০ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ‘ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের’ সদস্য। বাকি ৫০ জন রাজধানীতে বসবাসরত ‘ত্রিপুরা কল্যাণ সংসদের’ সদস্য। তাঁদের বহনকারী বাস দুটি বেলা ১১টার দিকে সাভারের গণস্বাস্থ্য হাসপাতাল এলাকা পার হওয়ার পরই নয়ারহাটের বেলতলা
এলাকায় দ্বিতল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস থেকে নিচে পড়ে গিয়ে ও ভাঙা কাচের আঘাতে ২০ জন আহত হন।
পেছনের বাসে থাকা ঘটনার প্রত্যক্ষদর্শী গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী তপন কুমার ত্রিপুরা বলেন, হাসপাতাল এলাকা পার হওয়ার পর তাঁদের সামনে থাকা দ্বিতল বাসটি ডান দিকে চেপে দ্রুতগতিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসটির দ্বিতীয় তলায় থাকা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হ্যাপী ত্রিপুরা জানালা দিয়ে ছিটকে নিচে পড়ে যান। অন্যরা বাসের ভেতরে পড়ে গিয়ে বা ভাঙা কাচের আঘাতে আহত হন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি বদরুল আলম।