পিকনিকের বাস পুকুরে, আহত ৩০
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাছ-উদ রুমি সেতুর কাছে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কে পিকনিকের বাস পুকুরে পড়ে শিক্ষক-শিক্ষার্থীসহ ৩০ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে ১২ জনকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। বাসটিতে যশোরের
বাঘারপাড়া মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক, দশম শ্রেণীর ছাত্রসহ ৩৭ জন যাত্রী ছিল। তারা সবাই কুমারখালীর শিলাইদহে রবীন্দ্র কুঠিবাড়িতে পিকনিকে যাচ্ছিল।
বাসের যাত্রী শিক্ষক পরিমল কুমার বিশ্বাস জানান, যশোর থেকে সকাল সাড়ে আটটার দিকে তিনটি বাসে করে বাঘারপাড়া মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের ১৩৮ জন শিক্ষক ও শিক্ষার্থী শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ির উদ্দেশে রওনা হয়। দুটি বাস আগে চলে যায়। মাছ-উদ রুমি সেতু পার হওয়ার পরপরই একটি বাস দ্রুতগতিতে চলছিল। নিষেধ করার পরও চালক কথা শোনেননি। এ সময় সামনে একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি নছিমন দেখতে পেয়ে বাসের চালক বাঁ দিকে মোড় নিতে যান। এতে বাসটি উল্টে বৈদ্যুতিক খুঁটি ভেঙে সড়কের পাশে পুকুরে পড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ কার্যালয়ের লোকজন পৌঁছে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় তাদের উদ্ধার করেন।
আহত ব্যক্তিদের মধ্যে বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমান, শিক্ষক আবদুর রশিদ, ফরিদুল ইসলাম ও আবদুর রহমান, বাসের চালকের সহকারী মোহাম্মদ মিন্টু, দশম শ্রেণীর ছাত্র ওয়াহিদুজ্জামান, আসাদুল্লাহ, রাকিব হাসান, তানমুন হাসান, আজিজুর রহমানসহ ১২ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মিজানুর রহমান ও আবদুর রশিদের দেহে অস্ত্রোপচার করা হয়েছে।
কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) ইকরামুল হক বলেন, বাসের চালক পালিয়ে গেছেন।