পিকনিকের বাস বিলে, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় আজ শুক্রবার বিকেলে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিলের মধ্যে পড়ে গেছে। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলার গোমস্তাপুর উপজেলার নয়াদিয়ারি এলাকার ১৬০-১৭০ জন লোক চাঁপাইনবাবগঞ্জের বাবুডাইং পিকনিক স্পট থেকে দুটি বাসে করে বাড়ি ফিরছিলেন। বিকেল সোয়া চারটার দিকে পৌর এলাকায় পৌঁছার পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাডাঙা বিলে পড়ে যায়। পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে ওই দুজনের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। বাসটিতে আনুমানিক ৬০-৭০ জন যাত্রী রয়েছে।