পিকনিকের বাস বিলে, নিহত ৩
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় আজ শুক্রবার বিকেলে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিলের মধ্যে পড়ে গেছে। এতে অন্তত তিনজন নিহত ও কমপক্ষে ২০ জন হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ি গ্রামের এন্তাজুল হক (৬৫), আবদুল করিম (৩৫) ও হাসেম আলী (৬২)।
ফায়ার সার্ভিস, হাসপাতাল ও উদ্ধার কাজে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, জেলার গোমস্তাপুর উপজেলার নয়াদিয়ারি এলাকার ১৪০ জন লোক চাঁপাইনবাবগঞ্জের বাবুডাইং পিকনিক স্পট থেকে দুটি বাসে করে বাড়ি ফিরছিলেন। আজ বিকেল সোয়া চারটার দিকে পৌর এলাকায় পৌঁছার পর সামনে থাকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাডাঙ্গা বিলে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে পেছনে থাকা বাসের যাত্রী ও স্থানীয় লোকজন উদ্ধার কাজে অংশ নেয়। পরে বিকেল সাড়ে চারটার দিকে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জ দমকল বাহিনীর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবদুল হামিদ জানান, তাঁরা নিমজ্জিত বাসের ভেতর থেকে সাতজনকে উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে জেলার সদর হাসপাতালে পাঠান। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁদের মধ্যে তিনজন এন্তাজুল হক, আবদুল করিম ও হাসেম আলীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নয়াদিয়াড়ি গ্রামের মো. টুকু প্রথম আলোকে বলেন, ‘আমরা পিকনিকে আসা প্রায় সবাই দিনমজুর শ্রেণির। ২০০ টাকা করে চাঁদা দিয়ে পিকনিকে এসেছিলাম। প্রায় সবার বাড়িই আমাদের গ্রামে।’