পিকেএসএফ চালু করছে ‘সমৃদ্ধি’ কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) গ্রামাঞ্চলে দারিদ্র্য দূর করার জন্য নতুন একটি কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে। এই কর্মসূচির আওতায় দেশের অনগ্রসর ইউনিয়নে বসবাসকারী দরিদ্র পরিবারগুলোর জন্য কাজের সুযোগ সৃষ্টি করা হবে। প্রকল্পটির নাম ‘একটি ইউনিয়ন একটি সহযোগী সংস্থা: দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবারের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি’ (সমৃদ্ধি)।পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ গতকাল প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। পুরো প্রকল্পটি বাস্তবায়নে অন্তর্ভুক্ত হবে দরিদ্র জনগোষ্ঠী, পিকেএসএফ, সহযোগী বেসরকারি উন্নয়ন সংস্থা ও স্থানীয় সরকার প্রশাসন। পিকেএসএফ প্রকল্পটি তদারকির কাজ করবে। একটি বেসরকারি প্রতিষ্ঠান একটি করে ইউনিয়নের সামগ্রিক উন্নয়নের দায়িত্বে থাকবে।প্রাথমিকভাবে জরিপের ভিত্তিতে দেশের ২১টি ইউনিয়নের ৫৫ হাজার পরিবারকে এই কার্যক্রমের আওতায় আনা হবে। দরিদ্র পরিবারগুলোর সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে তাদের জন্য লাভজনক হয় এমন সব কাজের ব্যবস্থা করাই হবে এই প্রকল্পের উদ্দেশ্য। এ ক্ষেত্রে ক্ষুদ্রঋণের পরিবর্তে স্বাবলম্বী হতে যে পরিবারটির জন্য যত টাকা ঋণের প্রয়োজন হবে, তত টাকাই ঋণ হিসেবে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পিকেএসএফের তরফ থেকে আরও জানানো হয়, প্রতিটি পরিবারের নিজস্ব সম্পদ বৃদ্ধির জন্য উৎসাহ ও সহায়তা দেওয়া হবে। এই কার্যক্রমের আওতায় প্রতিটি পরিবারকে একটি সঞ্চয়ী ব্যাংক হিসাব খুলতে হবে এবং সেই হিসাবে পাক্ষিকভাবে প্রতি মাসের ১৫ এবং ৩০ তারিখে কমপক্ষে ৩০০ টাকা করে জমা দিতে হবে। দুই বছর পরিবারগুলো এই তহবিল থেকে কোনো অর্থ তুলতে পারবে না। দুই বছর পর যে পরিমাণ অর্থ জমবে, তার দ্বিগুণ দেওয়া হবে পিকেএসএফের তরফ থেকে। এ ছাড়া পরিবারগুলোকে অনুদান দেওয়ার ব্যবস্থা থাকছে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কোনো গ্রাম ক্ষতিগ্রস্ত হলে সহজেই যেন পুনর্বাসনের কাজ শুরু করা যায়, সে জন্য গ্রামবীমা চালুর কথাও ভাবা হচ্ছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মেজবাহউদ্দীন আহমেদ জানিয়েছেন, ক্ষুদ্র বীমার বিষয়টি বাংলাদেশের জন্য খুবই নতুন। ৩ মে থেকে প্রকল্পটি নিয়ে কাজ শুরু হয়েছে।