পিকেটার পরিচয়ে ছিনতাই ছাত্রদলের নেতা আসামি
বগুড়ার ধুনট উপজেলায় পিকেটার পরিচয় দিয়ে অবরোধকারীরা ব্যবসায়ীদের মারপিট করে লক্ষাধিক টাকা ছিনতাই করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকসহ আটজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অবরোধের দ্বিতীয় দিন গত বুধবার রাত আটটায় শেরপুর উপজেলার সাতাড়া গ্রামের হেলাল উদ্দীন, চৌবাড়ীয়া গ্রামের শহিদুল ইসলাম, বানু মিয়া ও ইউসুফ আলীসহ চারজন গরু ব্যবসায়ী কাজিপুর উপজেলার রতনকান্দী হাট থেকে পাঁচটি গরু বিক্রি করে ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন। পথে বথুয়াবাড়ী সেতুর পূর্ব পাশে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহাদৎ হোসেনের নেতৃত্বে জামায়াত ও বিএনপির সমর্থকেরা রাস্তায় অবরোধ করে পিকেটিং করছিলেন। এ সময় পিকেটাররা তাঁদের পথরোধ করে মারপিট ও ভটভটি ভাঙচুর করেন এবং টাকা ছিনিয়ে নেন। এ ঘটনায় হেলাল উদ্দীন বাদী হয়ে গতকাল শুক্রবার দুপুরে শাহাদৎ হোসেনসহ আটজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
হেলাল উদ্দীন বলেন, পিকেটার পরিচয়ে ১৫-১৬ জন যুবক পথরোধ করে মারপিট করে তাঁর কাছ থেকে ৮০ হাজার ৩০০ টাকা, শহিদুল ইসলামের ২৭ হাজার ৬০০, ইউসুফ আলীর ১১ হাজার ৭৫০ ও ভটভটি চালকের ১০ হাজার টাকা ছিনিয়ে নেন। স্থানীয়রা জানান, বুধবার সকাল থেকে জামায়াত ও বিএনপির কর্মী-সমর্থকেরা অবরোধের নামে সেতুর ওপর দিনভর পিকেটিং করেন। এ সময় তাঁরা অনেক ভটভটি-অটোরিকশা ভাঙচুর ও পথচারীদের মারধর করেন।
শাহাদৎ হোসেন বলেন, দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য দুর্বৃত্তরা পিকেটার পরিচয় দিয়ে গরু ব্যবসায়ীদের টাকা ছিনতাই করেছে।