পিকেটার সেজে ছিনতাই করলেন দুই দলের কর্মীরা
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগের কর্মীরা একজোট হয়ে পিকেটার সেজে ছিনতাই করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর গড়মাটি গ্রামের আওয়ামী লীগের কর্মী আবদুল গফুর ও বিএনপির কর্মী সুমন হোসেনের নেতৃত্বে উভয় দলের কিছু কর্মী গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাছের গুঁড়ি ফেলে নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করেন। এরপর তাঁরা যশোরগামী আলুবোঝাই একটি ট্রাক থামিয়ে ব্যবসায়ী রফিকুল ইসলাম এবং যানটির চালক ও তাঁর সহকারীকে মারধর করেন। পরে উভয় দলের কর্মীরা তাঁদের কাছে থাকা ৬০ হাজার টাকা ও মুঠোফোন লুটে নিয়ে যান।
গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক বলেন, ‘গফুর বর্তমানে আমাদের দলের কর্মী। তবে সে সুবিধাবাদী। যখন যে দল ক্ষমতায় থাকে, তখন সে সেই দলের সঙ্গে থাকে।’ বড়াইগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজাহার আলী বলেন, ‘সুমন আমাদের কর্মী। সভা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’