পিকেটারদের ক্ষুরের আঘাতে জেএসসি পরীক্ষার্থী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় হরতাল চলাকালে গতকাল বুধবার পিকেটারদের ক্ষুরের আঘাতে শাকিব সরদার (১৪) নামের এক জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। সে উপজেলা সদরের মণ্ডলপাড়ার জামাল উদ্দিন সরদার ছেলে। শাকিব দুপচাঁচিয়া পাইলট উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে এবার জেএসসি পরীক্ষা দিচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বোড়াইপাড়ার সাইফুল ইসলামের ছেলে জেএসসি পরীক্ষার্থী নাইম হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় পিকেটাররা তার সাইকেল আটকে চাকার হাওয়া ছেড়ে দেয়। এর প্রতিবাদ করলে পিকেটারেরা নাইমকে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে নিয়ে মারধর করে। নাইম ঘটনাটি তার বন্ধু শাকিবকে জানায়। শাকিব তার বন্ধুদের নিয়ে ওই পিকেটারদের ওপর হামলা চালায়। এ কারণে পিকেটাররা আবার পাল্টা হামলা চালায়। তাদের লাঠির আঘাতে নাইম ও শামীম আহত হয় এবং ক্ষুরের আঘাতে শাকিব রক্তাক্ত জখম হয়। তাকে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।