পিকেটারদের ছোড়া পাথরে নারী পর্যটক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রমণ শেষে ফেরার সময় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাটে হরতাল-সমর্থকদের ছোড়া পাথরে জাপানি নারী পর্যটক আহত হয়েছেন। জামায়াত-শিবিরের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত পর্যটকের নাম শি হো (৩১)। তাঁর বাম চোখের কর্নিয়াতে আঘাত লেগেছে বলে চিকিত্সকেরা জানান। দুর্ঘটনার পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়। আজ শুক্রবার বিকেলে উন্নত চিকিত্সার জন্য তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা রয়েছে।

শি হো ১৭ সেপ্টেম্বর কক্সবাজার যান। ভ্রমণের জন্য ৫ সেপ্টেম্বর শি হো বাংলাদেশে আসেন।

হাসপাতালের শয্যায় শি হো প্রথম আলো ডটকমকে জানান, কক্সবাজার থেকে হানিফ পরিবহনের একটি বাসে তিনি ঢাকায় ফিরছিলেন। পথে বাইরে থেকে একটি পাথর জানালার কাচ ভেঙে তাঁর চোখে এসে লাগে। সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের কেবিনের একটি কক্ষে শি হোকে রাখা হয়েছে। বাম চোখে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। সেখানে সার্বক্ষণিকভাবে দুজন চিকিত্সক ও সেবিকা দায়িত্বে রয়েছেন।

হাসপাতালের পরিচালক খোন্দকার শহীদুল গণি বলেন, ‘ওই নারীর সর্বোচ্চ চিকিত্সাসেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তাঁর অস্ত্রোপচার লাগবে। তাঁদের দূতাবাস যদি মনে করে এখানে করাবে, তাহলে এখানে আমরা করতে পারি, নইলে বাইরে নিয়ে যাব।’

চমেক হাসপাতালের চক্ষু ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার শেলী বিশ্বাস প্রথম আলো ডটকমকে বলেন, ‘শি হোর চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এখানকার রোগী হলে কর্নিয়া অপারেশন করতাম। এখন তাঁরা উন্নত চিকিত্সার জন্য ঢাকায় নিয়ে যাবেন বলেছেন। তাই করা হচ্ছে না।’

ঘটনা সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রামের জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রথম আলো ডটকমকে বলেন, ‘সাতকানিয়ায় গতকাল রাত নয়টার দিকেও পিকেটিংয়ের সময় আমরা কয়েকজনকে গ্রেপ্তার করেছি। এর পর রাত ১১টা সাড়ে ১১টার দিকে পুনরায় তাঁরা গাড়ি লক্ষ্য করে ঢিল মেরেছে, যার কারণে এ ঘটনা ঘটেছে। আমরা অভিযান অব্যাহত রেখেছি।’