পিকেটারদের ঠেকাতে ব্যবসায়ীদের লাঠি-বাঁশি
পিকেটারদের ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া বাজারের ব্যবসায়ীরা দোকানে লাঠি-বাঁশি রাখায় তা কাজে এসেছে। ব্যবসায়ীরা এ পদক্ষেপ নেওয়ার পর হরতালকারী পিকেটাররা আর বাজারের ধারেকাছে আসছে না।বারঘরিয়া বাজার সমিতির সভাপতি সামশুল আলম জানান, গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার দিন পিকেটারেরা বেশ বাড়াবাড়ি করেছে। ওই দিন তারা বাজারের বন্ধ থাকা ৪০টি দোকানের বিদ্যুতের মিটার ভাঙচুর করে এবং একটি মুরগির দোকানের ৩৫টি মুরগি লুট করে নিয়ে যায়, একটি ক্লাবঘরে ভাঙচুর চালায়। এ ছাড়া তারা কুমারদের পাঁচ-ছয়টি দোকানের মাটির হাঁড়ি-পাতিল ভাঙচুর করে। তবে জামায়াত সমর্থকদের কোনো দোকানে তারা তাণ্ডব চালায়নি।এ ঘটনার পরের দিন বাজারের প্রায় ৩০০ ব্যবসায়ী সমিতির কার্যালয়ে বৈঠক করেন। দোকান বন্ধ থাকার পরও বাজারে জামায়াত-শিবিরের পিকেটারদের হামলার নিন্দা ও ক্ষোভ প্রকাশের পাশাপাশি বৈঠকে সর্বসমঞ্চতিক্রমে হরতাল প্রতিরোধের সিদ্ধান্ত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, হরতাল প্রতিরোধে প্রত্যেক দোকানে লাঠি-বাঁশি রাখা হবে। পিকেটারেরা বাজারের দোকান বন্ধ করতে এলে বাঁশি বাজিয়ে লাঠি নিয়ে একসঙ্গে দোকানদারেরা প্রতিরোধে নামবেন। ব্যবসায়ীদের এ সিদ্ধান্ত এলাকার জামায়াত ও বিএনপির নেতৃস্থানীয় লোকজনকেও জানানো হয়। এরপর থেকে এ বাজারে আর হরতাল পালিত হয়নি। সম্প্রতি বারঘরিয়া বাজারের কয়েকটি দোকানে গিয়ে বাঁশের লাঠি দেখা গেছে। নাম প্রকাশ না করার শর্তে বাজার সমিতির একজন নেতা বলেন, বারঘরিয়া বাজার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাইরে। এখানে হরতাল নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার পড়ে না। এখানে হরতাল পালিত না হলেও এর প্রভাব সারা দেশে পড়বে না। এ জন্য এখানে এর আগে হরতাল পালিত হতো না।