পিকেটারদের ঢিল, ট্রাক থেকে পড়ে ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে গতকাল মঙ্গলবার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত আটটি সংগঠনের অর্ধদিবস সড়ক অবরোধ চলাকালে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরেক স্কুলছাত্র।
অভিযোগ উঠেছে, গতকাল সকালে অবরোধ কর্মসূচির একদল সমর্থক সদর উপজেলার ৩ মাইল এলাকায় একটি মিনি ট্রাক লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এই প্রেক্ষাপটে দ্রুতগতিতে পেছনের দিকে যাওয়ার সময় ট্রাকটি থেকে পড়ে স্কুলছাত্র প্রণেশ্বর ত্রিপুরা নিহত ও তরুণ ত্রিপুরা নামের আরেক স্কুলছাত্র আহত হয়।
এ ছাড়া জেলার দীঘিনালার বিভিন্ন স্থানে ছয়টি ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। পোমাংপাড়া এলাকায় থেকে রুপেন চাকমা (১৮) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। রুপেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত প্রণেশ্বর ত্রিপুরা খাগড়াছড়ি আদর্শ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে সদর উপজেলার চন্দ্র কিরণ কারবারিপাড়ার মজিত বিকাশ ত্রিপুরার ছেলে। হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভানেত্রী নিরুপা চাকমা ও কেন্দ্রীয় সদস্য দ্বিতীয়া চাকমার মুক্তির দাবিতে ওই কর্মসূচির কারণে সকালে কোনো যাত্রীবাহী গাড়ি পাওয়া যায়নি। তাই বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে খাগড়াছড়ি ও দীঘিনালা সড়কের কয়েকটি স্থান থেকে কয়েকজন শিক্ষার্থী ওই মিনি ট্রাকে ওঠে। ট্রাকটি ৩ মাইল রাবার বাগান এলাকায় পৌঁছালে পিকেটাররা এর দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। ট্রাকটি দ্রুতবেগে পেছনের দিকে যেতে থাকে। এ সময় আতঙ্কে কয়েকজন শিক্ষার্থী লাফিয়ে পড়ে। তাদের মধ্যে প্রণেশ্বর (১৩) মাথায় গুরুতর চোট পায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে ইউপিডিএফের কনভেনিং কমিটির সদস্য থুইক্যচিং মারমার সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাটিরাঙ্গা উপজেলার হৃদয় মেম্বারপাড়া এলাকা থেকে তাঁদের পাঁচজন কর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করে নিয়ে গেছেন। তবে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, তিনি ইউপিডিএফের কোনো কর্মী আটকের বিষয়টি জানেন না।
স্কুলছাত্র নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ওসি সামছুদ্দিন ভূঁইয়া বলেন, এ ঘটনায় ওই ট্রাকের চালক এনামুল হককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা হবে। এ ছাড়া যারা অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড ও জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধেও পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করবে।