পিকেটারদের ধাওয়া দিলেন সাধারণ মানুষ
রংপুর শহরের তিনটি স্থানে গতকাল রোববার পিকেটারদের ধাওয়া দিয়েছেন সাধারণ মানুষ। নগরের সাগরপাড়া, পাশের মেডিকেল পূর্বগেট ও পাকার মাথায় এলাকাবাসী সকালে অবরোধকারীদের প্রতিরোধ করতে লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল আটটার দিকে সাগরপাড়া এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশায় পিকেটাররা ঢিল ছুড়লে এর যাত্রী এক নারীর মাথা ফেটে যায়। এ দৃশ্য দেখে রাস্তা ও আশপাশের লোকজন জড়ো হয়ে পিকেটার ও অবরোধকারীদের ধাওয়া দেন। এ খবর ছড়িয়ে পড়লে সাগরপাড়ার পাশের মেডিকেল পূর্বগেট ও পাকার মাথা এলাকার লোকজনও এগিয়ে আসেন। পরে তিন এলাকাবাসী মিলে সড়কে অবরোধকারীদের নাশকতার বিরুদ্ধে স্লোগান দেন। সাধারণ মানুষের মিছিলের পর ওই তিন এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে।
সাগরপাড়া এলাকার ব্যবসায়ী শাহীনুর রহমান বলেন, ‘আমি বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি অটোরিকশাকে লক্ষ্য করে পিকেটাররা ইটপাটকেল নিক্ষেপ করে। পরে অটোরিকশাযাত্রী এক মহিলার মাথা থেকে রক্ত ঝরতে দেখি। এ অবস্থা দেখে রাস্তায় থাকা সাধারণ মানুষ পিকেটার ও অবরোধকারীদের ধাওয়া দেয়।’
একই এলাকার আরেক ব্যবসায়ী আক্তারুজ্জামান বলেন, ‘আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ওই মহিলার মাথা থেকে রক্ত ঝরতে দেখে অন্যরা পিকেটারদের ধাওয়া করলে আমিও তাদের সঙ্গে যোগ দেই। আসলে এ রকম নিরীহ লোকজনের ওপর জুলুম তো আমরা কেউ চাই না।’
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, ‘আমরা নির্দিষ্ট কিছু স্থানে অবরোধ করছি। এ ধরনের চোরাগোপ্তা হামলার সঙ্গে আমরা জড়িত না। কাজেই হামলা কারা করল বা ধাওয়া কারা করল বলতে পারছি না।’
মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান বলেন, ‘আমি সকালে ঘটনাটি শুনেছি। আমরা পিকেটিংয়ের প্রতিবাদে শহরে একটি বিক্ষোভ মিছিল করি। তবে তাৎক্ষণিক যে ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেছে, তার সঙ্গে আমরা জড়িত না।’
পুলিশ সুপার আবদুর রাজ্জাক এভাবে চোরাগোপ্তা হামলা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে প্রতিটি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।