পিকেটারদের ধাওয়ায় অটোরিকশা উল্টে অন্তঃসত্ত্বা নারী আহত
গাজীপুর সদর উপজেলার নলজানী এলাকায় গতকাল বুধবার অটোরিকশায় করে যাচ্ছিলেন এক গর্ভবতী নারী। এ সময় হরতাল-সমর্থকদের ধাওয়ায় অটোরিকশাটি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ওই নারীসহ চারজন আহত হন। আহত ব্যক্তিরা হলেন গাজীপুর সদরের ইটাহাটা গ্রামের মৃত জানে আলমের স্ত্রী হাসিনা বেগম (৪৫), তাঁর নয় মাসের গর্ভবতী মেয়ে ফাহিমা আক্তার (২৩), ছেলে টঙ্গী কলেজের বিএসসি প্রথম বর্ষের ছাত্র সাইফুল ইসলাম (২১) ও বাসন ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী শাকিলা বিবি ওরফে নীলা (২৫)। প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিরা জানান, ঢাকার নবাবগঞ্জের বরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাখাওয়াত হোসেনের স্ত্রী ফাহিমা আক্তার (২৩) গতকাল সকালে তাঁর মা হাসিনা বেগম, ছোট ভাই সাইফুল ও স্বাস্থ্যকর্মী শাকিলাকে নিয়ে অটোরিকশায় চড়ে গাজীপুর সদর হাসপাতালে যাচ্ছিলেন। আটটার দিকে ঢাকা-গাজীপুর সড়কের নলজানী সিয়াম ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে তাঁদের অটোরিকশাটি পিকেটারদের কবলে পড়ে। পিকেটাররা ঢিল ছুড়লে চালক দ্রুত মোড় নিতে গেলে অটোরিকশাটি উল্টে যায়। পরে পিকেটাররা অটোরিকশাটি ভাঙচুর করে পালিয়ে যায়। আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে তাঁদের গাজীপুর সদর হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় হাসিনা ও শাকিলার ডান হাতের হাড় ভেঙে যায় এবং ফাহিমা কোমর ও সাইফুল শরীরের বিভিন্ন অংশে আঘাত পান। ফাহিমাকে হাসপাতালের নারী ও শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁর মা ও স্বাস্থ্যকর্মীর হাতে প্লাস্টার করা হয়েছে। হাসপাতালে কর্তব্যরত প্রসূতি বিভাগের চিকিৎসক মাহমুদা নাহার জানান, ফাহিমা কোমরে ব্যথা পেয়েছেন।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, ওই ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।