চট্টগ্রামে পিকেটারের আগুনে দগ্ধ অটোরিকশার যাত্রী
চট্টগ্রামে আজ বুধবার অবরোধ-সমর্থক পিকেটারদের লাগানো আগুনে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী দগ্ধ হয়েছেন। তাঁর নাম আবদুল আলম (৩২)। তিনি নগরের খুলশী এলাকার বাসিন্দা।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন আজ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, সকাল নয়টার দিকে নগরের কাজীর দেউরি মোড়ে পিকেটাররা সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয়। এতে দগ্ধ যাত্রী আবদুল আলমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।
বার্ন ইউনিটের প্রধান মৃণাল কান্তি দাস জানান, আলমের শরীরের ২২ শতাংশ পুড়ে গেছে। তাঁর মুখ, ঘাড় ও পিঠ ঝলসে গেছে।
কোতোয়ালি থানা পুলিশ জানায়, নগরের ওয়াসা মোড় ও কাজীর দেউরির নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে অবরোধকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। সকাল সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত এ অবস্থা চলে। এ সময় তিনটি গাড়ি ভাঙচুর করা হয় এবং একটি গাড়িতে আগুন দেওয়া হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, নগরের নিমতলা এলাকায় বেশ কিছু ট্রাক রাখা ছিল। সকাল ১০টার দিকে সেখানকার ৩০টি ট্রাক ভাঙচুর করা হয়। এ সময় পিকেটারদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।