পিকেটারের ঢিলে প্রাণ গেল ট্রাকচালকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে মাল নিয়ে কক্সবাজার যাওয়ার পথে গতকাল রোববার রাতে সাতকানিয়ায় পিকেটারের ঢিলে মো. ওয়াসিম (৩৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হন চালকের দুই সহকারী।

নিহত চালকের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। আহত দুজন হলেন কক্সবাজারের উখিয়ার মোহাম্মদ আলম ও মোহাম্মদ হোসেন।

আহত মোহাম্মদ আলম পুলিশকে জানান, গতকাল রাতে ট্রাকে মাল নিয়ে তাঁরা তিনজন চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে সাতকানিয়ায় হাসমতের দোকানের দক্ষিণ পাশে ১০-১২ জন পিকেটার ইট ছোড়ে। এতে ট্রাকচালক ওয়াসিমের চোখে আঘাত লাগে। চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। তাঁরা দুই সহকারী ঢিলের আঘাতে আহত হয়েছেন বলে তিনি জানান।

দোহাজারী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকচালকের লাশ হাইওয়ে পুলিশের কাছে আছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।