লরিতে বোমা ও আগুনে চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অবরোধকারীদের বোমা হামলার পর কনটেইনার লরি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালক নিহত হয়েছেন। ককটেলে আহত হয়েছে সাত বছরের এক শিশু।

পুলিশ জানায়, গতকাল সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে নগরের ইপিজেড থানার সল্টগোলা রেলক্রসিং এলাকায় কনটেইনার লরিটি লক্ষ্য করে বোমা ছোড়ে পিকেটাররা। এতে লরিটিতে আগুন ধরে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে লরিটি প্রচণ্ড জোরে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে চালক নিহত ও অপর দুজন আহত হন। নিহত চালকের নাম মাহবুব (২৫)। তাঁর বাড়ি ভোলার চরফ্যাশন এলাকায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর।

চট্টগ্রামের পাহাড়তলীর সড়াইপাড়ায় অবরোধকারীদের ছুড়ে মারা ককটেলে আজ মঙ্গলবার সাত বছরের শিশু মিনহাজ হোসেন বেলাল আহত হয়েছে। সে সড়াইপাড়া হাজি আবদুল আলী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে মিনহাজের বাবা মোহাম্মদ মমতাজ মিয়া বলেন, পরীক্ষা হওয়ার কথা ছিল বলে মিনহাজ সকালে স্কুলে যায়। কিন্তু পরীক্ষা না হওয়ায় সে বাসায় ফিরে ব্যাগ রেখে খেলতে বের হয়। এর কয়েক মিনিট পর সে ককটেল বিস্ফোরণে আহত হয়। তার চোখের ওপর জখম হয়েছে। 

হাসপাতালে যন্ত্রণায় ছটফট করা মিনহাজ বলেছে, খেলতে বের হওয়ার কিছুক্ষণ পর কয়েকজন কিছু একটা ছুড়ে মারে। এতে সে ব্যথা পেয়েছে।

হাসপাতালের চিকিত্সকেরা জানান, মিনহাজের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কাল তার অস্ত্রোপচার করা হবে।