পিকেটিংয়ের নামে বাড়ছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য
একের পর এক ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার মানুষ। হরতাল-অবরোধে পিকেটিং করার নামে দুর্বৃত্তরা মানুষের হাতে থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছে। টাকা না দিলে যানবাহন ভাঙচুরের হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা বাগিয়ে নিচ্ছে তারা। সব মিলে উপজেলার সড়কগুলো এখন ছিনতাইকারীদের ‘রাম রাজত্বে’ পরিণত হয়েছে।
কয়েকজন এলাকাবাসী অভিযোগ করেন, কিছুদিন আগেও নিরাপত্তা নিয়ে খুব একটা উদ্বিগ্ন ছিলেন না উপজেলার মানুষ। রাতেও বিভিন্ন এলাকায় মানুষজন অবাধে যাতায়াত করতেন। কিন্তু টানা হরতাল-অবরোধের কর্মসূচি ডাকার পরই চিত্র পাল্টে গেছে। উপজেলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ছিনতাইকারীদের তাণ্ডব। ঘরবাড়িতে ফেরা মানুষজনকে জিম্মি করে কেড়ে নেওয়া হচ্ছে টাকা, মুঠোফোনসহ নানা জিনিসপত্র। এমন ঘটনায় এলাকার বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অনিশ্চয়তা নিয়েই তাঁদের চলাচল করতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দুর্বৃত্তরা সড়কে যানবাহন আটকে ছেড়ে দেওয়ার নামে টাকা নিচ্ছে। কেউ যানবাহন আটকে ভাঙচুর ও আগুন লাগানোর ভয় দেখিয়ে টাকা নিচ্ছে। আবার অনেকে ফাঁকা সড়কেই প্রকাশ্যে ছিনতাই করছে। অনেক ছিনতাইকারী দেখে সন্দেহের অবকাশ হয় না। যেন মোটরসাইকেলে চেপে আসা নিরীহ চেহারার দুই-তিনজন কিশোর। নির্জন সড়কে পথচারী অন্যমনস্ক হলে এরাই হয়ে উঠছে ভয়ংকর। মোটরসাইকেলে চড়ে যেতে যেতে এক ঝটকায় ছিনিয়ে নিচ্ছে হাতে থাকা মালামাল।
উপজেলার মোকামতলা বাজারের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শুক্রবার রাতে মোটরসাইকেলে চড়ে পাশের উপজেলা গোবিন্দগঞ্জ থেকে বাড়ি ফিরছিলাম। পাকুড়তলার কাছে দুজন হাত দেখিয়ে থামতে বলল। গাড়ির গতি একটু কমাতেই পাশ থেকে আরও কয়েকজন ছুটে এল। ‘‘ধর ধর’’ করে চেঁচাতেও থাকল। জোরে গাড়ি চালিয়ে অনেক কষ্টে বেঁচেছি সেদিন।’
কিন্তু পরদিন তাঁর মতো ‘বাঁচতে’ পারেননি উপজেলা সদরের কলেজপাড়া মহল্লার গোলাম মোস্তফা (৩২)। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের ভাতিজা তিনি। গোলাম মোস্তফা বলেন, শনিবার রাত ১০টার দিকে উপজেলার জামুরহাটে যাওয়ার সময় কুড়াহার সড়ক পার হওয়ার পর বেশ কয়েকজন তরুণ তাঁর পথরোধ করে। দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল তারা। এরপর মোটরসাইকেল, নগদ টাকা আর মুঠোফোন ছিনিয়ে নিয়ে চলে যান।
শিবগঞ্জের ট্রাকচালক এমরুল হক বলেন, ‘বৃহস্পতিবার অবরোধের রাতে মহাস্থান বাজার থেকে ট্রাক নিয়ে যাওয়ার পথে ছিনতাইকারীরা পথ আটকায়। পরে তাদের টাকা দিয়ে ছাড়া পেয়েছি।’ হরতাল-অবরোধ থাকলেই পথে দফায় দফায় যানবাহন আটকে ২০০-১০০০ টাকা হাতিয়ে নেয় তারা। না দিলে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ভয়ভীতি দেখানো হয়।
এদিকে থানা পুলিশের একটি সূত্রে জানা গেছে, পিকেটিং করার নামে একটি চক্র বিভিন্ন অপরাধে সক্রিয় হয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। ৩০ নভেম্বর রাতে পাঁচজন ও ১ ডিসেম্বর রাতে চারজনকে ছিনতাইকারী সন্দেহে পুলিশ আটক করেছে।
শিবগঞ্জ থানার ওসি ফজলুল করিম বলেন, রাতে সড়কগুলোতে নজরদারি অনেক বাড়ানো হয়েছে।