পিচ উঠে গর্ত, ভেঙে সরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোংলা সমুদ্রবন্দরের সঙ্গে সারা দেশের যোগাযোগের একমাত্র খুলনা-মোংলা মহাসড়কের সাড়ে ছয় কিলোমিটারে গর্তে​র সৃষ্টি হয়েছে। ছবিটি গত শনিবার বেলাই সেতু এলাকা থেকে তোলা প্রথম আলো
মোংলা সমুদ্রবন্দরের সঙ্গে সারা দেশের যোগাযোগের একমাত্র খুলনা-মোংলা মহাসড়কের সাড়ে ছয় কিলোমিটারে গর্তে​র সৃষ্টি হয়েছে। ছবিটি গত শনিবার বেলাই সেতু এলাকা থেকে তোলা প্রথম আলো
দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

পিচ উঠে গেছে। সৃষ্টি হয়েছে ছোট–বড় বহু গর্তের। কোথাও কোথাও ভেঙে এত সরু হয়ে গেছে যে যখন এক দিকের যানবাহন পার হয় তখন অন্যদিকের যান অপেক্ষায় থাকে। আবার ভাঙা অংশে ঝাঁকুনি খেতে খেতে হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। কখনো কখনো নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যায়।
এই চিত্র খুলনা-মোংলা মহাসড়কের সাড়ে ছয় কিলোমিটারের। এই মহাসড়ক ছাড়া মোংলা সমুদ্রবন্দরের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগের আর কোনো বিকল্প নেই।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, খুলনা-মোংলা মহাসড়ক ঢাকার সঙ্গে খুলনা ও বরিশালের একটি গুরুত্বপূর্ণ সংযোগ পথ। মোংলা সমুদ্রবন্দর, মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, মোংলা শিল্প এলাকা, নৌবাহিনী ও কোস্টগার্ড পশ্চিম জোনের ঘাঁটিসহ নানা কারণে এই মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুলনা থেকে মোংলা বন্দর পর্যন্ত সড়ক ৫০ কিলোমিটার দীর্ঘ। এটি সর্বশেষ ২০১৩ সালে সংস্কার করা হয়। এত দিনে স্থানে স্থানে পিচ উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। বিশেষ করে সাড়ে ছয় কিলোমিটারের অবস্থা খুবই খারাপ।
গত শনিবার সরেজমিনে দেখা গেছে, মোংলা উপজেলার দিগরাজ বাজার থেকে প্রায় সাড়ে ছয় কিলোমিটার দূরে বেলাই সেতু পর্যন্ত কোথাও কোথাও বিটুমিন ও ইট উঠে উঠে মাটির রাস্তার মতো হয়ে গেছে। দিগরাজ বাজারে সড়কের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে আছে। তাতে যানবাহন প্রচণ্ড ঝাঁকুনি খায়।
বাগেরহাট মাইক্রোবাস-পিকআপ চালক সমিতির সাধারণ সম্পাদক শেখ অপিরুদ্দিন বলেন, প্রতিদিন কোথাও না কোথাও নতুন গর্তের সৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও লম্বালম্বি দেবে গেছে। অনেক সময় বাস-ট্রাক দুর্ঘটনা এড়াতে সড়কের পাশ ধরে যায়। এতে কোনো কোনো স্থান ধসে যাচ্ছে। ইট-বালু ফেলে কোনোমতে সড়ক মেরামত করা হয়। তা কিছুদিন পরই উঠে যায়।
মোংলার মৎস্য ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, ‘মাছ প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানগুলো খুলনায় অবস্থিত। মাছভর্তি পিকআপ ভ্যান নিয়ে আমরা খুবই বিপদে পড়ি। মোংলা থেকে খুলনা যেতে ৪০ মিনিট লাগত। এখন লাগছে দেড় থেকে দুই ঘণ্টা। এর ওপর দুর্ঘটনার শিকার হওয়ার ভয় তো আছেই।’ তিনি আরও বলেন, বন্দরের দিগরাজ এলাকায় ৪ অক্টোবর পণ্যবোঝাই তিনটি ট্রাক উল্টে যায়। এতে ১২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল রিয়াজউদ্দিন আহম্মেদ বলেন, মোংলা বন্দর সচল রাখতে মহাসড়কটির গুরুত্ব অনেক। মহাসড়কটি চালু রাখতে ক্ষতিগ্রস্ত অংশে বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে মাঝে মাঝেই ইট–বালু ফেলে সংস্কার করা হয়। স্থায়ীভাবে এই কাজ সওজের করার কথা। সওজের উচিত গুরুত্ব বিবেচনা করে যত দ্রুত সম্ভব এই মহাসড়ক সংস্কার করা।
মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) মহাব্যবস্থাপক মাহামুদ হাসান বলেন, ‘চলাচল অনুপযোগী খুলনা-মোংলা মহাসড়ক আমাদের জন্য একটি বড় সমস্যা। ঢাকা থেকে এখানে আসার আর কোনো সহজ পথ নেই। বিদেশি বিনিয়োগকারীরা এখানে আসতে চরম ভোগান্তি পোহান। এ ছাড়া বেনাপোল স্থলবন্দর ও চট্টগ্রাম সমুদ্রবন্দরের মাধ্যমে কাঁচামাল ও রপ্তানি পণ্য আনা-নেওয়ায় ঝামেলা হচ্ছে।’
সওজের বাগেরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ বলেন, ‘এই মহাসড়কসহ বাগেরহাটের কাটাখালী থেকে নওয়াপাড়া অংশে ১৫ কোটি টাকা প্রাক্কলন ধরে আমরা দরপত্র আহ্বান করেছি। আশা করছি, শিগগির সংস্কারের কার্যাদেশ দিতে পারব।’