পিচ ও খোয়া উঠে গেছে, গর্ত ও ধুলায় চলা দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

পিরোজপুরের হুলারহাট-শ্রীরামকাঠি-স্বরূপকাঠি সড়কের বিভিন্ন স্থানে পিচ–খোয়া উঠে গেছে। ছবিটি গতকাল নেছারাবাদ উপজেলার করপা গ্রামের পাঠাঘাটা এলাকা থেকে তোলা l প্রথম আলো
পিরোজপুরের হুলারহাট-শ্রীরামকাঠি-স্বরূপকাঠি সড়কের বিভিন্ন স্থানে পিচ–খোয়া উঠে গেছে। ছবিটি গতকাল নেছারাবাদ উপজেলার করপা গ্রামের পাঠাঘাটা এলাকা থেকে তোলা l প্রথম আলো

বেহাল সড়ক—৯৯

দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

সংস্কারের অভাবে সড়কের পিচ, খোয়া উঠে গেছে। কোথাও তৈরি হয়েছে গর্ত। যানবাহন চলাচল করার সময় ধুলা ওড়ে। দুই বছর ধরে এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে যাত্রীদের প্রতিদিন ভোগান্তিতে পড়তে হচ্ছে। এটি হুলারহাট-শ্রীরামকাঠি-স্বরূপকাঠি সড়ক।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পিরোজপুর কার্যালয় ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, পিরোজপুর সদর উপজেলার হুলারহাট থেকে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি হয়ে নেছারাবাদ উপজেলার ইন্দেরহাট পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ৩১ কিলোমিটার। এটির হুলারহাট থেকে শ্রীরামকাঠি পর্যন্ত ১৬ কিলোমিটার এবং দৈহারি থেকে ইন্দেরহাট পর্যন্ত ১৫ কিলোমিটার। দেড় দশক আগে সড়কটি পাকা করা হয়। ২০০৭-০৮ অর্থবছরের দৈহারি থেকে ইন্দেরহাট অংশ এবং ২০০৯-১০ অর্থবছরে হুলারহাট থেকে শ্রীরামকাঠি পর্যন্ত সংস্কার করা হয়। চার বছর আগে নেছারাবাদের ভরদকাঠি থেকে দৈহারি পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক কচা নদীতে বিলীন হয়ে যায়। এরপর চলাচলের জন্য বিকল্প একটি মাটির সড়ক করা হয়। দুই বছর আগে দৈহারি থেকে দক্ষিণ মধ্য সোহাগদল গ্রামের সনি সিনেমা হল পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার সড়ক বেহাল হয়ে পড়ে।

দৈহারি ইউপির চেয়ারম্যান প্রগতি মণ্ডল বলেন, ‘আমাদের এলাকা কৃষি, মাছের ঘের ও পোলট্রি ফার্মের জন্য বিখ্যাত। সড়কটি বেহাল হয়ে পড়ায় আমাদের দুর্ভোগের শেষ নেই। কৃষক ভ্যানে তাঁর উৎপাদিত সবজি এবং পোলট্রি ব্যবসায়ীদের মুরগি ও ডিম নিয়ে বাজারে যেতে ভোগান্তিতে পড়ছেন।’

স্থানীয় কয়েকজন বলেন, সড়কটি ব্যবহার করে শিক্ষার্থীসহ লক্ষাধিক মানুষ জেলা শহর, উপজেলা সদর, ইউনিয়ন পরিষদ, স্কুল-কলেজ ও হাসপাতালে যাতায়াত করে। সড়কটি দিয়ে ব্যাটারিচালিত ইজিবাইক, শ্যালো মেশিনচালিত টমটম ও মোটরসাইকেল চলাচল করে।

গতকাল বৃহস্পতিবার সকালে গিয়ে দেখা যায়, ভরদকাঠি থেকে দক্ষিণ মধ্য সোহাগদল গ্রামের সনি সিনেমা হল পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গেছে। এর মধ্যে দৈহারি বাজার থেকে আলকিরহাট বাজার পর্যন্ত ছয় কিলোমিটারের কোথাও পিচ নেই। ফালিয়া ও দৈহারি এলাকার দুটি স্থানে সড়কটির একাংশ দৈহারি খালে ভেঙে পড়েছে। উত্তর করপা গ্রামের পাঠাঘাটা সেতুর সংযোগ সড়কের পিচ ও খোয়া উঠে গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন ঝুঁকি নিয়ে সেতুতে উঠছে।

নেছারাবাদের করপা গ্রামের সুধাংশু বৈদ্য বলেন, শুকনো মৌসুমে ধুলা আর বর্ষা মৌসুমে খানাখন্দের কারণে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

পিরোজপুর সওজের নির্বাহী প্রকৌশলী মো. ফজলে রাব্বে বলেন, সড়কটি সংস্কার এবং কচা ও সন্ধ্যা নদীতে দুটি ফেরি চালু করার জন্য ২০০ কোটি টাকার একটি প্রকল্পের প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এ জন্য নকশা তৈরির কাজ চলছে। প্রকল্পটি অনুমোদন পেলে সড়কটি দ্রুত সংস্কার করা হবে।