
নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া-মহাজন সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের অধিকাংশ জায়গায় পিচ ও খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দুর্ভোগ পোহাচ্ছে মানুষ।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বড়দিয়া নৌবন্দর ও মহাজন বাজার থেকে এ সড়ক দিয়েই লোহাগড়া, নড়াইল, যশোর, বেনাপোল স্থলবন্দর ও ঢাকাসহ বিভিন্ন জেলায় যাত্রী ও মালামাল পরিবহন করা হয়। কালিয়া উপজেলা থেকে লোহাগড়ায় যাতায়াতেরও একমাত্র সড়ক এটি। ২০০৫ সালে সড়কটি পুনর্নির্মাণ করা হয়। ১৪ কিলোমিটার এ সড়কের অধিকাংশ জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। গত পাঁচ-ছয় বছরে সড়কটির অবস্থা আরও বেশি খারাপ হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের অধিকাংশ জায়গায় পিচ ও খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে বৃষ্টির পানি জমেছে। এই অবস্থায় যানবাহন চলাচল করায় গর্ত আরও বড় হচ্ছে। এসব জায়গায় ঝুঁকি নিয়ে কোনোরকমে যানবাহন পার হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, সড়কের এসব খানাখন্দে যানবাহন পড়ে প্রায়ই হতাহতের ঘটনা ঘটছে। রাস্তার মাইগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পাশে সম্প্রতি একটি মোটরসাইকেল গর্তে পড়ে দুর্ঘটনা ঘটে। এতে মঙ্গলপুর গ্রামের মোটরসাইকেল আরোহী জালাল শিকদার (৫৭) নিহত হন। মল্লিকপুর এলাকায় গর্তে পড়ে নছিমন উল্টে গিয়ে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী শিক্ষক আবদুল কাদের (৩৫) নিহত হন। আহত হন আরও সাতজন। কোলা এলাকায় তিন চাকার যান মাহিন্দ্র উল্টে ছয়জন আহত হন। এর মধ্যে কাঠাদুরা গ্রামের ইমরুল (২৫) পঙ্গু হয়ে গেছেন।
মহাজন বাজার থেকে ঢাকাগামী বিকাশ পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক মেহেদী হাসান জানান, স্বাভাবিক অবস্থায় মহাজন থেকে লোহাগড়া পর্যন্ত ২০ মিনিটের এ রাস্তাটি পার হতে বর্তমানে সময় লাগছে প্রায় এক ঘণ্টা। প্রায়ই গাড়ির টায়ার নষ্ট হচ্ছে। খানাখন্দে পড়ে গাড়ি উল্টে যাওয়ার উপক্রম হয়। এই অবস্থায় যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয়। ট্রাকচালক মাহাবুবুর রহমান বলেন, এ সড়কের দুরবস্থার কারণে ট্রাকে ২০ টনের জায়গায় মালামাল নিতে পারি পাঁচ-ছয় টন।
মাউলি ইউনিয়ন পরিষদের সচিব বদরুল আলম তিন বছর ধরে প্রতিদিন মহাজন থেকে লোহাগড়ায় মোটরসাইকেলে যাতায়াত করেন। তিনি বলেন, তিন বছরেই নতুন মোটরসাইকেলটি লক্কড়-ঝক্কড় হয়েছে।
এ ব্যাপারে সওজ নড়াইলের নির্বাহী প্রকৌশলী তাপসী দাস বলেন, সড়কটি সংস্কারের জন্য সম্প্রতি অগ্রাধিকার প্রকল্পের আওতায় বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ প্রক্রিয়াধীন রয়েছে।