সিলেট নগরের গুরুত্বপূর্ণ নাইওরপুল থেকে টিলাগড় সড়কের প্রায় ২ দশমিক ৮ কিলোমিটার অংশের সংস্কারকাজ এক সপ্তাহ ধরে চলছে। এ কাজের জন্য লাকড়ির বদলে নিষিদ্ধ পলিথিন পুড়িয়ে পিচ গলানোয় পরিবেশ দূষিত হচ্ছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন। তাঁরা এও জানান, সড়কটি সংস্কারে গুণগত মান ঠিক না রাখায় রাস্তার অনেক অংশ এবড়োথেবড়ো থেকে যাচ্ছে।এলাকাবাসী জানান, প্রতিদিন সন্ধ্যার পর ২০-২৫ জন শ্রমিক সড়ক সংস্কারের কাজ শুরু করেন। এ সময় সড়কের পিচগালা তৈরিতে শ্রমিকেরা পিচ গলাতে সংশ্লিষ্ট ঠিকাদারের সরবরাহ করা পলিথিন পোড়াচ্ছেন। এতে পরিবেশ দূষণের শিকার হয়ে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও নির্মাণশ্রমিকেরা। চিকিৎসকেরা জানান, পলিথিনের ধোঁয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এ ধোঁয়ার কারণে ফুসফুসে ক্ষতিকর প্রভাব পড়ার পাশাপাশি কাশি, শ্বাসকষ্ট, মাথাব্যথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।রাস্তা সংস্কারের কাজে নিয়োজিত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক জানান, ঠিকাদার টাকা বাঁচাতেই লাকড়ির বদলে পলিথিন ব্যবহার করছেন। মীরাবাজার এলাকার বাসিন্দা আজমল মিয়া বলেন, ‘সারা জীবন দেখলাম পিচ গলাতে লাকড়ি ব্যবহার করা হয়। এই প্রথমবার দেখলাম লাকড়ির বদলে নিষিদ্ধ পলিথিন পোড়ানো হচ্ছে। চোখের সামনে পরিবেশ দূষণের ঘটনা ঘটলেও সংশ্লিষ্টরা তা প্রতিহত করতে কার্যকর কোনো ব্যবস্থাই নিচ্ছে না।’ সরেজমিনে দেখা গেছে, শ্রমিকেরা লাকড়ির বদলে নিষিদ্ধ পলিথিন পোড়ানোর কারণে সন্ধ্যার পর পুরো এলাকা কালো ধোঁয়ায় নিমজ্জিত হচ্ছে। পথচারী ও যাত্রীরা নাক-মুখ চেপে ওই এলাকা দিয়ে চলাচল করছে। ইতিমধ্যে রাস্তার কিছু অংশের কাজ শেষ হয়েছে। শেষ হওয়া পিচঢালা রাস্তার কিছু অংশের ঢালাই অনেকটা এবড়োথেবড়ো। পথচারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, সংশ্লিষ্ট ঠিকাদার নিজের ইচ্ছামতো রাস্তার কাজ করছেন। তিনি রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতি করছেন। শিবগঞ্জ-লামাপাড়া এলাকার বাসিন্দা রাজেশ পাল বলেন, ‘এটি যেন লোকদেখানো রাস্তা নির্মাণ। একদিকে পিচের প্রলেপ পড়ছে, অপরদিকে সেই রাস্তায় এক-দুটি যানবাহন চলাচল করতেই রাস্তাটি অনেকটা আগের মতো হয়ে যাচ্ছে।’ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সিলেট কার্যালয় সূত্রে জানা যায়, নাইওরপুল মোড় থেকে টিলাগড় এলাকার এমসি কলেজের সামনের ভাগ পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ হবে। ৬০ লাখ টাকা ব্যয়ে এ সড়কের কিছু অংশের সংস্কারকাজ চলছে। কয়েক মাসের মধ্যে এটি নতুনভাবে সংস্কার করা হবে বলেও সওজ জানিয়েছে।এ ব্যাপারে সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ প্রথম আলোকে বলেন, ‘দুটি অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে কথা বলেছি। কাজের গুণগত মান ঠিক রাখার পাশাপাশি নিষিদ্ধ পলিথিন পুড়িয়ে পিচ না গলানোরও নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি সওজের নজরদারির মধ্যে রয়েছে।’