পিচ রেট মিটার রিডারদের চাকরি স্থায়ী করার দাবি
রাজশাহীতে পিচ রেট মিটার রিডার ও বিল বিতরণকারীদের চাকরি স্থায়ী করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে রাজশাহী পিচ রেট কর্মচারী ঐক্য পরিষদ। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয়ের ভেতরে এসব কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে কর্মচারীরা বলেন, তাঁরা ১৫-১৭ বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে পিচ রেট (মিটার ও বিলের পরিমাণ অনুযায়ী মজুরি) কর্মচারী হিসেবে কর্মরত আছেন। পিচ রেট কর্মচারীরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রাজস্ব আদায় ও সিস্টেম লসের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছেন। কিন্তু তারপরও তাঁদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে কর্তৃপক্ষ কোনো জোরালো পদক্ষেপ গ্রহণ করেনি।
বক্তারা বলেন, গত বছরের ১৯ জানুয়ারি ১ হাজার ৮৪৬ জন কর্মচারী নিয়োগ দেওয়া হলেও প্রায় ৫৪৬ জন পিচ রেট কর্মচারীর ভাগ্যের কোনো পরিবর্তন ও চাকরি স্থায়ী করা হয়নি। তারপরও তাঁরা বর্তমানে যেভাবে কাজ করছেন, তা-ও হারাতে বসেছেন। কর্তৃপক্ষ মিটার রিডিং ও বিল বিতরণ কাজ ঠিকাদারদের মাধ্যমে করার জন্য দরপত্র আহ্বান করতে যাচ্ছে। কিন্তু এমন কর্মচারী রয়েছেন, যাঁরা ১৮ বছর ধরে এই পেশায় আছেন। চাকরি স্থায়ী করা হবে, এই আশায় তাঁরা অন্য কোনো চাকরির খোঁজও করেননি। এখন তাঁদের বয়সও নেই। ফলে এই কাজের জন্য ঠিকাদার নিয়োগ করা হলে তাঁরা সবাই বাদ পড়বেন।
কর্মচারীরা ৫৪৬ জন পিচ রেট কর্মচারীর পরিবারকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি দিয়েছেন।
যোগাযোগ করলে রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, কর্মচারীদের নিয়োগের সময় অস্থায়ী হিসেবেই নিয়োগ দেওয়া হয়েছে। স্থায়ী করার কোনো চুক্তি ছিল না। এখন ঠিকাদারের মাধ্যমে কাজ করালে ওই কর্মচারীদের যেহেতু অভিজ্ঞতা আছে, তাঁরাই ঠিকাদারের অধীনে কাজ করার সুযোগ পাবেন।
বিক্ষোভ ও মানববন্ধনে রাজশাহী পিচ রেট মিটার রিডার ও বিল বিতরণকারী ঐক্য পরিষদের সভাপতি আনোয়ারুল ইসলাম, সহসভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক মাসুম খান, চাঁপাইনবাবগঞ্জ বিদ্যুৎ সরবরাহের মিটার রিডার শফিকুল ইসলাম, গোদাগাড়ীর মিটার রিডার সাদিকুল ইসলাম, নাটোরের মিটার রিডার আতাউর রহমান, তানোরের শাহীন আলী প্রমুখ বক্তব্য দেন।