বিপুল কুমার বাইসাইকেলে গোখাদ্য নিয়ে বাড়ি ফিরছিলেন। যশোর-ঝিনাইদহ মহাসড়কের খড়িখালীর পাশ দিয়ে যাওয়া একটি ট্রাক এতটাই কাছে এসে যায় যে তিনি জীবন বাঁচাতে পিচ করা রাস্তা থেকে পাশে নামার চেষ্টা করেন। কিন্তু মাটির নাগাল না পেয়ে সাইকেল নিয়েই পড়ে যান পাশের গর্তে। আহত হন তিনি। একইভাবে বেজপাড়া এলাকায় বিচালিবোঝাই ভ্যান নিয়ে মাটির নাগাল না পেয়ে গর্তে পড়েন চালক শরিফুল ইসলাম।
শুধু বিপুল কুমার ও শরিফুল ইসলাম নন, প্রায়ই এ জাতীয় দুর্ঘটনার শিকার হচ্ছেন যশোর-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহ অংশে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালকেরা। এই অংশের বারোবাজার থেকে শেখপাড়া পর্যন্ত মহাসড়কের অনেক স্থানেই রাস্তার পাশে মাটি নেই। অনেক স্থানে দু-তিন ফুট গর্ত হয়ে গেছে।
সরেজমিনে দেখা গেছে, ঝিনাইদহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন শৈলকুপার শেখপাড়া থেকে কালীগঞ্জের বারোবাজার পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার মহাসড়ক রয়েছে। এই মহাসড়কটি এমনিতেই ভাঙাচোরা। যানবাহনগুলো অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করে। এর সঙ্গে যোগ হয়েছে রাস্তার পাশের মাটি না থাকার ঝুঁকি। মহাসড়কটির গাড়াগঞ্জ, দুধস্বর, আমতলা, তেঁতুলতলা, খড়িখালী, ছালাভরা, বেজপাড়া, কেয়াবাগান, রঘুনাথপুর, বারোবাজারসহ বেশ কিছু স্থানে পিচ রাস্তার পাশে কোনো মাটি নেই। বর্ষা মৌসুমে এসব স্থানের মাটি ধুয়ে গেছে। কিন্তু দীর্ঘ দিনেও এসব স্থানে মাটি ভরাটের উদ্যোগ নেওয়া হয়নি। যে কারণে পথচারী ও যানবাহন অন্য একটি যানবাহনকে পাশ দিতে গেলে পিচ থেকে নামলেই দুর্ঘটনার শিকার হন। রাস্তার পাশে মাটির নাগাল না পেয়ে গর্তে পড়ে যান।
১৮ ডিসেম্বর বেজপাড়া এলাকায় পিচ রাস্তার পাশের ২ ফুটের অধিক গর্তে পড়ে যান ভ্যানচালক শরিফুল ইসলাম। তিনি জানান, বিচালি নিয়ে ঝিনাইদহ থেকে কালীগঞ্জে ফিরছিলেন। পাশ দিয়ে একটি যাত্রীবাহী বাস যাওয়ার সময় তিনি আর পিচের ওপর থাকতে পারেননি। জীবন বাঁচাতে রাস্তার এক পাশে চলে গেলে বাঁ চাকা গর্তে পড়ে ভ্যানটি উল্টে যায়। রাস্তার পাশে মাটির নাগাল না পাওয়ায় তিনি গর্তে পড়েন। তিনি জানান, আগেও এক দিন এভাবে খালি ভ্যান নিয়ে তিনি ছালাভরা এলাকায় উল্টে পড়েছিলেন। ২১ ডিসেম্বর খড়িখালী এলাকায় পড়ে যান বিপুল কুমার। তিনি জানান, ট্রাকের পাশে রাস্তায় দাঁড়িয়ে পড়তে চেয়েছিলেন। কিন্তু মাটির নাগাল না পেয়ে পড়ে যান তিনি। এতে সামান্য আহত হন বিপুল কুমার। তিনি আরও জানান, এর এক সপ্তাহ আগে তাঁর সামনে একই এলাকায় একটি ইজিবাইক উল্টে চার-পাঁচজন আহত হন। এ ছাড়া দুই মাস হলো দোকানঘর এলাকায় এক নছিমনচালক রাস্তার পাশে মাটি না পেয়ে গর্তে পড়ে নছিমনটি উল্টে গেলে তিনি রাস্তার ওপরই ছিটকে পড়েন। এ সময় একটি বালুবোঝাই ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওই মহাসড়কে চলাচলকারী একাধিক গাড়ির চালক জানান, মহাসড়কের বারোবাজার থেকে ঝিনাইদহ পর্যন্ত অবস্থা খুবই খারাপ। অনেক স্থান ভেঙেচুরে যাওয়ায় তাঁদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এই অবস্থায় রাস্তার পাশে মাটি সরে গর্ত তৈরি হওয়ায় তাঁদের ঝুঁকি আরও বেড়ে গেছে। নজরুল ইসলাম নামের এক ট্রাকচালক জানান, অপরদিক থেকে আরেকটি গাড়ি এলে তাঁদের গতি থামিয়ে ফেলতে হয়। অনেক সময় রাস্তার পাশে চাকা নামাতে না পেরে দাঁড়িয়ে পড়তে হয়।
এ ব্যাপারে ঝিনাইদহ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সেলিম আজাদ খান বলেন, নানা কারণে রাস্তার পাশের মাটি সরে যেতে পারে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানির চাপে মাটি কেটে যায়।