পিচ্ছিল রাস্তায় উল্টে গেল বাস, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইটভাটা ও পুকুর খননের মাটি যানবাহনে করে নেওয়ার সময় তা সড়কে পড়ে জমেছিল। সামান্য বৃষ্টিতে সেই মাটি কাদায় পরিণত হয়। সেখানে উল্টে দুমড়ে-মুচড়ে যায় একটি যাত্রাবাহী বাস। কোনো প্রাণহানি না ঘটলেও চালক, তত্ত্বাবধায়কসহ আহত হলেন অন্তত ১৫ জন।
গতকাল শুক্রবার সকালে চুয়াডাঙ্গা-যশোর সড়কে দামুড়হুদা উপজেলার দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। একই স্থানে গতকাল দুর্ঘটনার শিকার হয় আরও অন্তত ২০টি মোটরসাইকেল।
বাস দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে নয়জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও একজনকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
আহত বাসযাত্রী আশরাফুল ইসলাম জানান, সকাল ছয়টা ৪০ মিনিটে শিলা এন্টারপ্রাইজের একটি বাস চুয়াডাঙ্গা থেকে যশোরের উদ্দেশে ছেড়ে যায়। সোয়া সাতটার দিকে এটি ওদুদ শাহ ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে কাদাপানির পিচ্ছিল রাস্তায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তৎক্ষণাৎ উল্টে যায় বাসটি।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজের পেছনে রয়েছে একটি ইটভাটা। ওই ইটভাটা ও পাশের চারটি পুকুরের মালিক বেশ কিছুদিন ধরে মাটি তুলে ট্রলিতে করে বহন করছেন। এই মাটি সড়কে পড়ে কলেজের সামনে প্রায় ৫০০ মিটার অংশ বিপজ্জনক হয়ে উঠেছে। গতকাল বৃষ্টিতে তা ভয়াবহ রূপ নেয়।
দামুড়হুদা সদরের বাসিন্দা বখতিয়ার হোসেন জানান, বাস দুর্ঘটনার আগে ওই স্থানে কমপক্ষে ২০টি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়।
স্থানীয় বাসিন্দারা এ অবস্থার জন্য ইটভাটার মালিক হাশেম আলী, পুকুরের মালিক নাজমুল হাসান, জাহাঙ্গীর হোসেন, আশাদুল আলম ও নেদু মিয়া এবং টুকিটাকি ব্রিজ স্কেলের (যানবাহন পরিমাপক) মালিক মোফাজ্জল হোসেনকে দায়ী করেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁরা অবশ্য এ পরিস্থিতির জন্য একে অপরকে দায়ী করেন।
দুর্ঘটনার পর দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুর নবী ব্যক্তিগত উদ্যোগে দুর্ঘটনাকবলিত স্থানে চার ট্রলি বালু ফেলে সড়কটি চলাচলের উপযোগী করে তোলেন।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, ট্রলির কাদামাটি রাস্তায় পড়ে গিয়ে বৃষ্টিতে আরও পিচ্ছিল হয়ে যায়। এ কারণে এসব দুর্ঘটনা ঘটেছে। দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনতে ইউএনওকে অনুরোধ করা হয়েছে।