পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে কাজ করুন: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গতকাল শনিবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ-সংলগ্ন মাঠে ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্পিকার আরও বলেন, কাউকে পেছনে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই যেসব নারী অর্থনৈতিকভাবে ও সামাজিকভাবে বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার, তাদের প্রতিবন্ধকতা দূর করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীরা উচ্চশিক্ষা গ্রহণ ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেই নারীর ক্ষমতায়ন ও লৈঙ্গিক সমতা নিশ্চিত করা সম্ভব। তাই নারী শিক্ষা প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, নারী শিক্ষার প্রসারে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ অনন্য অবদান রেখে চলেছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি রাশেদ খান মেনন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুফিয়া খাতুন, ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি বুশরা হাসিনা চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।