কিশোরী মেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতা এখনো কমেনি। দেশে এখনো ৬৬ ভাগ শিশু বাল্যবিবাহের শিকার হচ্ছে। সামাজিক নিরাপত্তার অভাব এবং উত্ত্যক্ত হওয়ার হাত থেকে রক্ষা পেতে অনেক সময় কিশোরীদের বিয়ে দেওয়া হচ্ছে।
বরিশালে অনুষ্ঠিত কিশোরী স্বাস্থ্য এবং ক্ষমতায়ন ও বাল্যবিবাহ কমানোর উদ্যোগ হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ২৪ কিশোরীকে কম্পিউটার ও সদন প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় নগরের বিডিএস মিলনায়তনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক প্রশিক্ষণ-পরবর্তী কম্পিউটার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে সেভ দ্য চিলড্রেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী-শিশু বিশেষ করে কিশোরীদের বোঝা মনে করা হচ্ছে। এখান থেকে বের হতে হলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে। কিশোরীদের শিক্ষাসহ সব ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। নারী-পুরুষ সমানতালে উন্নয়নে অংশ নেওয়ার সুযোগ সৃষ্টির জন্য অবশ্যই বাল্যবিবাহ বন্ধ করতে হবে। সুযোগ পেলে নারী এগিয়ে যেতে পারবে। তার প্রমাণ রেখেছে পিছিয়ে পড়া ২৪ কিশোরী। তারা নিজেরা কম্পিউটারের ওপর প্রশিক্ষণ নিয়েছে। প্রত্যেকে একজন প্রশিক্ষক হিসেবে গড়ে উঠেছে।
সেভ দ্য চিলড্রেনের উপদেষ্টা সাইকা সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্পিউটার, ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আবুল কালাম আজাদ।